দেশের জাহাজ নির্মাণ শিল্পের বিকাশে বরাদ্দ করা তহবিল দ্রুত উদ্যোক্তাদের কাছে পৌঁছানোর নির্দেশনা দিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ খাতে অর্থ ছাড়ের দীর্ঘসূত্রতা দূর করে সহজ ও কার্যকর অর্থায়ন ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে জাহাজ নির্মাণ শিল্পে অর্থায়ন, তহবিল দ্রুত ছাড়করণ ও সহায়তা বিষয়ে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, দেশের জাহাজ নির্মাণ শিল্পে উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের সংখ্যা তুলনামূলক কম। তাই এ খাতের উদ্যোক্তাদের চাহিদা ও সক্ষমতা বিবেচনায় নিয়ে উপযোগী অর্থায়ন ব্যবস্থা গড়ে তুলতে হবে। বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সরাসরি তহবিল বিতরণের পাশাপাশি নির্ধারিত ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমেও অর্থায়নের বিষয়টি বিবেচনা করা যেতে পারে।
তিনি বলেন, শিল্পটির বিকাশ ও সক্ষমতা বাড়াতে সহজ অর্থায়নের পাশাপাশি কার্যকর প্রাতিষ্ঠানিক সহায়তা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে অর্থ ছাড়ের দীর্ঘসূত্রতা দূর করে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা ও রপ্তানি সম্ভাবনা বাড়াতে হবে।
জাহাজ নির্মাণ শিল্পের দীর্ঘমেয়াদি বিকাশে সরকারি ও বেসরকারি খাতের কার্যকর অংশীদারত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন শিল্পমন্ত্রী। তিনি বলেন, শিল্পটির বিকাশের অন্তর্বর্তী সময়ে সুশৃঙ্খল ও জবাবদিহিমূলক প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা প্রয়োজন। সরকারি ব্যবস্থাপনায় আর্থিক শৃঙ্খলা, স্বচ্ছতা ও সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা সম্ভব।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, জাহাজ নির্মাণ শিল্পের লক্ষ্য শুধু তাৎক্ষণিক মুনাফা অর্জনে সীমাবদ্ধ রাখা উচিত নয়। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা অর্জন এবং রপ্তানি আয় বাড়ানোর মাধ্যমে এ খাতের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে হবে।
এ জন্য নতুন উদ্যোক্তা তৈরি, পরবর্তী প্রজন্মকে শিল্পটির সঙ্গে সম্পৃক্ত করা এবং পেশাদার করপোরেট সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের বিনিয়োগ ও ব্যবসায়িক সক্ষমতা বাড়াতে সরকারি-বেসরকারি খাতের মধ্যে কার্যকর সেতুবন্ধ তৈরির আহ্বান জানান।
সভায় শিল্পসচিব আব্দুন নাসের খান, খুলনা শিপইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. আব্দুল লতিফ, শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাহাজ নির্মাণ শিল্পসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন