সরকারি হাসপাতালে রোগীদের ভোগান্তি কমানো ও দালালদের দৌরাত্ম্য ঠেকাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কলেজ শিক্ষার্থীদের ‘হেলথ ভলান্টিয়ার’ বা স্বাস্থ্য স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
প্রস্তাব অনুযায়ী, প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানীয় কলেজের পাঁচজন ছাত্র ও পাঁচজন ছাত্রীকে স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত করা হবে। তাঁরা সপ্তাহে এক দিন দায়িত্ব পালন করবেন এবং এ জন্য সম্মানী পাবেন। তাঁদের কাজ হবে হাসপাতালে আসা রোগীদের টিকিট সংগ্রহ থেকে শুরু করে চিকিৎসক দেখানো ও পরীক্ষাগারে যাওয়ার বিষয়ে সহযোগিতা করা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ আয়োজনে সার্কিট হাউজে ‘ডিস্ট্রিক্ট হেলথ প্ল্যানিং’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ পরিকল্পনার কথা জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, গ্রামের সাধারণ মানুষ হাসপাতালে এসে কোথায় যাবেন, কীভাবে সেবা নেবেন, তা বুঝতে না পেরে অনেক সময় দালালদের খপ্পরে পড়েন। এ সমস্যা সমাধানে কলেজ শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে রোগীদের সেবা গ্রহণ সহজ হবে এবং হাসপাতালে স্বচ্ছতা ও শৃঙ্খলা বাড়বে বলে আশা করা হচ্ছে।
এ সময় আগামী ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী এক বছরব্যাপী বিশেষ পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন শুরুর ঘোষণা দেন প্রতিমন্ত্রী। ক্যাম্পেইনের প্রথম দিন থেকেই মাঠপর্যায়ের কর্মীরা পর্যাপ্ত পরিবার পরিকল্পনা সামগ্রী নিয়ে কাজ করতে পারবেন বলে জানান তিনি।
তিনি আরও জানান, দেশের পাঁচ থেকে ছয়টি জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালু করা হবে। এ তালিকায় রয়েছে সিরাজগঞ্জও। আগামী দুই বছরের মধ্যে সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
ড. এম এ মুহিত বলেন, বড় কোনো প্রকল্পের অপেক্ষায় না থেকে বিদ্যমান সীমিত সম্পদ কাজে লাগিয়ে আগামী তিন মাসের মধ্যে হাসপাতালগুলোতে পরিচ্ছন্ন পরিবেশ, দালালমুক্ত সেবা এবং বিনা মূল্যে অন্তত অর্ধেক ওষুধ ও পরীক্ষা-নিরীক্ষার সেবা নিশ্চিত করতে হবে। জনগণের সঙ্গে স্বাস্থ্য বিভাগের ভুল বোঝাবুঝি দূর করতে সুশীল সমাজ, সাংবাদিক ও সেবাগ্রহীতাদের নিয়ে ‘ডিস্ট্রিক্ট হেলথ ফোরাম’ গঠন এবং স্থানীয় স্বাস্থ্য সমস্যা নিয়ে গবেষণার উদ্যোগ নেওয়া হবে।
সিরাজগঞ্জের প্রায় সাড়ে ৩৫ লাখ মানুষের স্বাস্থ্যসেবার দায়িত্ব সংশ্লিষ্ট কর্মকর্তাদের উল্লেখ করে প্রতিমন্ত্রী জেলার ৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সদর হাসপাতাল ও মেডিকেল কলেজসহ ১১টি সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে আগামী সাত দিনের মধ্যে ৯০ দিনের কর্মপরিকল্পনা জমা দেওয়ার নির্দেশ দেন।পরিকল্পনায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় মাসের পৃথক লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে বলা হয়েছে।
কর্মশালায় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেন, মাঠপর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের আর্থিক ক্ষমতায়নের জন্য পরীক্ষামূলকভাবে ১০ থেকে ৫০ লাখ টাকার বিশেষ পরিচালন তহবিল দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। আগামী ফেব্রুয়ারির মধ্যে পাঁচ হাজার নতুন জনবল নিয়োগ সম্পন্ন হলে সিরাজগঞ্জের স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোর শূন্য পদ পূরণ করে জেলাটিকে মডেল জেলা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। রোগীদের প্রতি চিকিৎসক ও নার্সদের ভালো আচরণ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, গত আট মাসে দেশের স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি, পরিচ্ছন্নতা এবং টিকা ও জরুরি ওষুধের সরবরাহে দৃশ্যমান উন্নতি হয়েছে।সিরাজগঞ্জের উপজেলাগুলোতে জনবান্ধব ‘ভিজিল্যান্স টিম’ ও ‘অভিযোগ নিষ্পত্তি সেল’ গঠনের মাধ্যমে মডেল জেলা বাস্তবায়নে অধিদপ্তরের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।
সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিভিল সার্জন ডা. মুহাম্মদ নুরুল আমিন। এ সময় স্বাস্থ্য অধিদপ্তর, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর, জেলা প্রশাসন, হাসপাতাল এবং উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন