Advertisement
শুক্রবার, 06 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

ডায়াবেটিস-থাইরয়েড চিকিৎসায় পৃথক ইনস্টিটিউট চান স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ডায়াবেটিস-থাইরয়েড চিকিৎসায় পৃথক ইনস্টিটিউট চান স্বাস্থ্য প্রতিমন্ত্রী
News Banner

দেশে ডায়াবেটিস, থাইরয়েডসহ হরমোনজনিত রোগের চিকিৎসা ও গবেষণার জন্য পৃথক জাতীয় এন্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। এ বিষয়ে সুপরিকল্পিতভাবে উদ্যোগ নিতে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে নবম আন্তর্জাতিক এন্ডোক্রাইন কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি এ সম্মেলনের আয়োজন করে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশে বিভিন্ন রোগের চিকিৎসায় বিশেষায়িত অনেক প্রতিষ্ঠান গড়ে উঠলেও এন্ডোক্রাইনোলজির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো কোনো জাতীয় ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়নি। অথচ ডায়াবেটিস, থাইরয়েডসহ হরমোনজনিত নানা জটিলতায় বিপুলসংখ্যক মানুষ আক্রান্ত হচ্ছেন।

তিনি বলেন, বারডেম, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজের মতো শীর্ষ প্রতিষ্ঠানগুলোতে এন্ডোক্রাইনোলজি নিয়ে কাজ হচ্ছে। তবে এ খাতের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরে একটি পূর্ণাঙ্গ ইনস্টিটিউট প্রতিষ্ঠার সুনির্দিষ্ট প্রস্তাবনা তৈরি করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা ও অ্যাডভোকেসি শুরু করা প্রয়োজন। সাধারণ মানুষের চিকিৎসাসেবা ও গবেষণার স্বার্থে সরকার ইতিবাচক পদক্ষেপ নেবে।

ড. এম এ মুহিত আরও বলেন, অতীতে স্বাস্থ্য খাতসহ বিভিন্ন ক্ষেত্রে বিভক্তি ও মানুষকে অসম্মান করার যে সংস্কৃতি তৈরি হয়েছিল, তা থেকে বেরিয়ে এসে দেশকে ঐক্যবদ্ধ করার চেষ্টা চলছে। এ ধরনের ইতিবাচক চর্চা সমাজ ও স্বাস্থ্য খাতকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে।

তরুণ চিকিৎসকদের গবেষণায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ডায়াবেটিস, থাইরয়েড ও স্থূলতার মতো রোগ মানবদেহের ফিজিওলজি ও প্যাথোলজির গুরুত্বপূর্ণ ক্ষেত্র। এসব বিষয়ে তরুণ চিকিৎসক ও গবেষকদের আরও বেশি মনোযোগ দিতে হবে। আন্তর্জাতিক গবেষকদের সঙ্গে যৌথভাবে কাজ করে দেশের উপাত্ত ও গবেষণা আন্তর্জাতিক মানসম্পন্ন জার্নালে প্রকাশ করবেন—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সভাপতি ড. ফারিয়া আফসানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনটির চিফ পেট্রোন ফারুক পাঠান, ডা. নাসির উদ্দিন আহমেদ ও রিসার্চ সেক্রেটারি ডা. নাজমা আক্তারসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

এই সংবাদটি পঠিত হয়েছে: 2 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 586 টি

মন্তব্য করুন