‘স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন এবং লেগে থাকুন—সাফল্য আসবেই’ স্লোগানকে সামনে রেখে শেরপুরে অনুষ্ঠিত হয়েছে ‘নিজের বলার মতো একটি গল্প’ ফাউন্ডেশনের জেলা পর্যায়ের অফলাইন মিটআপ।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টায় শহরের ডিসি লেকে এ মিটআপের আয়োজন করে ফাউন্ডেশনের শেরপুর জেলা টিম। এতে জেলার বিভিন্ন পর্যায়ের নবীন, প্রবীণ ও তরুণ উদ্যোক্তারা অংশ নেন।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন ফাউন্ডেশনের কমিউনিটি ভলান্টিয়ার মো. জাহিদ হাসান। উপস্থিত ছিলেন শেরপুর জেলা অ্যাম্বাসেডর মো. সাদিক মিয়া।
মিটআপে শেরপুরের উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক পরিচিতি, যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি জেলার উদ্যোক্তাদের নিয়ে সম্মিলিতভাবে কাজ করে শেরপুরকে এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়। এ সময় অংশগ্রহণকারীরা উদ্যোক্তা হওয়ার শুরুর গল্প, পথচলার অভিজ্ঞতা, সাফল্য ও নানা প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। একে অপরের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে নতুন উদ্যোগ ও সম্ভাবনা নিয়েও আলোচনা করেন তাঁরা।
আয়োজনের অংশ হিসেবে অংশগ্রহণকারীদের জন্য মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়। নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতির পর নারী ও পুরুষদের অংশগ্রহণে বালিশ খেলা এবং চোখ বেঁধে হাঁড়িভাঙা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় ফাউন্ডেশনের সদস্য রোমেল খান, মিজানুর রহমান মিলন, রুবিনা আক্তার, রুমানা ইসলাম, সামিনা খাতুন, সুজিনা রেজা, নিবিড় চক্রবর্তী, সুলতানা রাজিয়া, শিহাব আহমেদ, তানভীর আহমেদ, হাবিবুর রহমান, শাহরিয়ার শুয়াইব, আশিকুর রহমান, সালমা শেরপুর, আমেনা খাতুন, আল আমিন, তাহমিনা আক্তার, সাজু আহমেদ, মো. উজ্জ্বল ইসলাম, খোকন আহমেদ, সোহানা আক্তার, সাফফাত ইসলাম, কামরুজ্জামান, জীবন নাহার, আশাদুল্লাহ রোহানী ও জান্নাতুল আক্তারসহ ফাউন্ডেশনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিচিতি, অভিজ্ঞতা বিনিময় ও আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে মিটআপটি শেষ হয়।
মন্তব্য করুন