বরগুনার বিষখালী নদীতে পরিবারের সদস্যদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে মো. ইহান (৮) নামের এক শিশু। শুক্রবার দুপুরে বরগুনা শহরের অদূরে বড়ইতলা ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের পাশাপাশি পটুয়াখালী থেকে আসা বিশেষ ডুবুরি দল অভিযান চালাচ্ছে।
নিখোঁজ ইহান বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের খেজুরতলা গ্রামের মোহাম্মদ নজিরের ছেলে।
স্বজনরা জানান, শুক্রবার দুপুরে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বিষখালী নদীতে গোসল করতে নামে ইহান। এ সময় হঠাৎ নদীর তীব্র স্রোতে সে গভীর পানিতে তলিয়ে যায়। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে নদীতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও শিশুটির সন্ধান না পাওয়ায় পটুয়াখালী থেকে বিশেষ ডুবুরি দল ডেকে পাঠানো হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত, বিষখালী নদীর বিভিন্ন পয়েন্টে শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসনাইন পারভেজ বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করেন। বর্তমানে পটুয়াখালী থেকে আসা বিশেষ ডুবুরি দল নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে।
মন্তব্য করুন