ঢাকার সাভারের আশুলিয়ায় ভাড়া বাসা থেকে শাকিলা (২৬) নামে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে নরসিংহপুর এলাকার হামীম গার্মেন্টসের ৩ নম্বর গেটসংলগ্ন মো. মঞ্জু মিয়ার বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শাকিলা নওগাঁর মহাদেবপুর থানার আমনগর এলাকার মো. মিরাজের বড় মেয়ে। তিনি আশুলিয়ার নরসিংহপুরে হামীম গ্রুপের একটি পোশাক কারখানায় চাকরি করতেন। প্রায় চার মাস আগে মো. জুয়েলের সঙ্গে তাঁর বিয়ে হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে স্বামী জুয়েলের সঙ্গে বাজার করে বাসায় ফেরেন শাকিলা। পরে ব্যক্তিগত কাজের কথা বলে স্বামী তাঁর বোনের বাসায় যান। কিছুক্ষণ পর বাসায় ফিরে কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান তিনি।
এ সময় জানালা দিয়ে উঁকি দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় শাকিলার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বামী। তাঁর চিৎকার ও কান্নাকাটির শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন