মায়ের সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে না খেয়ে বসে ছিল শিশু জান্নাত। বিষয়টি নজরে আসতেই শিশুটির পাশে দাঁড়ান শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন। শিশুটিকে খাবার ও নতুন পোশাক কিনে দেওয়ার পাশাপাশি তার পরিবারের জন্য একটি ঘর নির্মাণের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের বারান্দায় মায়ের সঙ্গে বসে ছিল জান্নাত। এ সময় জেলা প্রশাসক শিশুটিকে দেখে তার সঙ্গে কথা বলেন এবং পরিবারের খোঁজখবর নেন। জানতে পারেন, খুব সকালে বাড়ি থেকে বের হওয়ায় শিশুটি না খেয়েই রয়েছে। পরে তার জন্য খাবার ও নতুন পোশাক কিনে দেন জেলা প্রশাসক।
এ সময় জান্নাতের পরিবারের আবাসন সংকটের বিষয়টিও জানতে পারেন তিনি। পরিবারটির দুরবস্থা বিবেচনায় নিয়ে তাদের জন্য একটি ঘর নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন ফরিদা ইয়াসমিন।
জেলা প্রশাসকের এমন উদ্যোগে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে জান্নাতের পরিবারে। তাৎক্ষণিক সহায়তার পাশাপাশি পরিবারটির আবাসন সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়ায় স্থানীয়দের মধ্যেও প্রশংসা পেয়েছে বিষয়টি।
অসহায় শিশুর প্রতি মমত্ববোধ এবং একটি পরিবারের মৌলিক আবাসন সংকট সমাধানে জেলা প্রশাসকের এ উদ্যোগ মানবিক প্রশাসনের ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।
মন্তব্য করুন