Advertisement
বৃহস্পতিবার, 12 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

ফ্যাসিবাদবিরোধী ভূমিকা পালনে অনলাইন পোর্টালকে আহ্বান

ফ্যাসিবাদবিরোধী ভূমিকা পালনে অনলাইন পোর্টালকে আহ্বান
News Banner

সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও ফ্যাসিবাদের বিরুদ্ধে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য অনলাইন নিউজ পোর্টালগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। একই সঙ্গে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় দেশের মানুষের আত্মত্যাগের বিষয়টি বিবেচনায় রেখে সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন নিউজ পোর্টাল অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ওনাব)-এর নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সংবাদমাধ্যমের মান নিশ্চিত করতে পেশাদার ও দক্ষ সাংবাদিকদের সম্পৃক্ত করা জরুরি। মানসম্মত সংবাদ ও ভালো কনটেন্ট না হলে পাঠক অনলাইন নিউজ পোর্টালের প্রতি আগ্রহী হবেন না। তাই প্রতিটি পোর্টালে পেশাগত মানদণ্ড বজায় রাখতে হবে।

সভায় অনলাইন নিউজ পোর্টালগুলোর পক্ষ থেকে বিজ্ঞাপন, সরকারি ক্রোড়পত্রের ডিজিটাল সংস্করণ, পোর্টালের অডিট এবং নিবন্ধন নবায়ন ফি বাতিলসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়। এসব দাবির অধিকাংশই যৌক্তিক বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, নতুন সরকারের পক্ষে সব দাবি একদিনে বাস্তবায়ন করা সম্ভব নয়। তবে সরকার অনলাইন গণমাধ্যমকে সহযোগিতা করতে চায়।

প্রতিমন্ত্রী আরও বলেন, অনলাইন সংবাদমাধ্যমের পাশাপাশি কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গেও পর্যায়ক্রমে মতবিনিময় করা হবে। তথ্য ও সম্প্রচারমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট উপদেষ্টাকে নিয়ে আলোচনা করে এ বিষয়ে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে। নীতিমালা তৈরির আগে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নেওয়া হবে।

মতবিনিময় সভায় ওনাব সভাপতি মোস্তফা কামাল মজুমদার বলেন, নিবন্ধিত ও সরকারি নিয়মনীতি অনুসরণকারী অনলাইন নিউজ পোর্টালগুলোর টিকে থাকার স্বার্থে সরকারি বিজ্ঞাপনসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা প্রয়োজন। এ ক্ষেত্রে সংগঠনের সদস্যদের প্রতি সরকারের ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রত্যাশা করেন তিনি।

সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল হুদা (রনো) বলেন, অনলাইন নিউজ পোর্টালগুলোর প্রতিবছর নিবন্ধন নবায়নের পরিবর্তে অডিটের আওতায় আনার দাবি রয়েছে। পাশাপাশি নিবন্ধিত পোর্টালগুলোকে সরকারি বিজ্ঞাপন দেওয়ার ব্যবস্থা করতে হবে।

তিনি আরও বলেন, অনলাইন সংবাদমাধ্যমে উদ্যোক্তারা বিপুল অর্থ বিনিয়োগ করছেন। কিন্তু কোনো উদ্যোক্তার মৃত্যুর পর তাঁর উত্তরাধিকারীরা কীভাবে প্রতিষ্ঠানের মালিকানা ও পরিচালনার দায়িত্ব পাবেন, সে বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা নেই। এ সমস্যা সমাধানে মালিকানা ও উত্তরাধিকার সংক্রান্ত সুস্পষ্ট আইন বা নীতিমালা প্রণয়নের দাবি জানান তিনি।

সভায় ওনাবের সহসভাপতি লতিফুল বারী হামিম, সাবেক সাধারণ সম্পাদক শাহীন চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আশরাফুল কবির, কার্যনির্বাহী সদস্য তৌহিদুর ইসলাম মিন্টু, সৈয়দ আরিফুজ্জামান ও ইউসুফ হাওলাদার বক্তব্য দেন। এ সময় সংগঠনের নির্বাহী কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 2 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 595 টি

মন্তব্য করুন