সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর দুই যুগ পূর্তি উপলক্ষে শেরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে জেলায় মাদকবিরোধী কার্যক্রম শুরুর উদ্যোগ নিয়েছে সংগঠনটি। এ লক্ষ্যে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে জেলা ডায়াবেটিক সমিতির হলরুমে ‘সচেতন, সংঘটিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’ শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সুজনের শেরপুর জেলা শাখার সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক রাজিয়া সামাদ ডালিয়া।
সভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন সুজনের নির্বাহী সদস্য ও সাংবাদিক রফিক মজিদ, আরিফ হোসেন, আল আমীন রাজু, ফজলুল কবির সুরুজ, তাহমিনা জলি, ঝিনাইগাতী উপজেলা সভাপতি মেহেদী হাসান হালিম এবং শ্রীবরদী উপজেলা সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু।
সভায় শেরপুরে সুজনের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি মাদকবিরোধী কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। এ লক্ষ্যে গঠিত আহ্বায়ক কমিটিতে সুজনের জেলা সাধারণ সম্পাদক মো. শওকত হোসেনকে আহ্বায়ক এবং সাংবাদিক রফিক মজিদকে সদস্যসচিব করা হয়েছে।
নবগঠিত কমিটির মাধ্যমে আগামী দিনে জেলায় মাদক নিয়ন্ত্রণে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে বলে সভায় সিদ্ধান্ত হয়।
মন্তব্য করুন