শেরপুরে নির্বাচনী গণসংযোগ শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত ৭ নং ভাতশালা ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান হাবু। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় শেরপুর সদর উপজেলার যুব উন্নয়ন এলাকায় শেরপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় সদর উপজেলার কানাশাখোলা বাজারে নির্বাচনী গণসংযোগ করেন চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান হাবু। গণসংযোগ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি। পথে যুব উন্নয়ন এলাকায় পৌঁছালে হঠাৎ মোটরসাইকেলের সামনে চলে আসে একটি কুকুর। কুকুরটিকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে আহত হন তিনি।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর বাসায় ফিরে যান হাবিবুর রহমান হাবু।
দুর্ঘটনার বিষয়ে হাবিবুর রহমান হাবু বলেন, ‘গণসংযোগ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলাম। পথে হঠাৎ সামনে একটি কুকুর চলে আসে। কুকুরটিকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনায় আহত হই। পরে সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছি।’
এ ঘটনায় তিনি সবার কাছে দোয়া কামনা করেন।
মন্তব্য করুন