সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চলমান স্কুল ফিডিং কার্যক্রম অব্যাহত রেখেই বিকল্প খাদ্য সরবরাহ পদ্ধতি যাচাই করবে সরকার। কুপনভিত্তিক খাদ্য সরবরাহ ও রান্না করা খাবার পরিবেশনের মতো বিকল্প পদ্ধতি নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) বাংলাদেশের রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ ও কান্ট্রি ডিরেক্টর কোকো উশিয়ামার নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে প্রতিদিন প্রায় ৩০ লাখ শিক্ষার্থীকে স্কুল ফিডিং কার্যক্রমের আওতায় খাবার দেওয়া হচ্ছে। এত বড় কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন না ঘটিয়ে খাদ্যের পুষ্টিমান, নিরাপত্তা ও গুণগত মান নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার
তিনি বলেন, নতুন কোনো পদ্ধতি চালুর আগে এর সম্ভাব্যতা যাচাই, পরীক্ষামূলক বাস্তবায়ন ও কার্যকারিতা মূল্যায়ন জরুরি। এ ধরনের উদ্যোগ পূর্ণাঙ্গভাবে প্রস্তুত করতে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত সময় লাগতে পারে। তাই বিকল্প পদ্ধতি যাচাইয়ের সময় বিদ্যমান কার্যক্রম বন্ধ রাখা বাস্তবসম্মত হবে না। বরং চলমান ব্যবস্থার প্রয়োজনীয় উন্নয়ন ও ধারাবাহিকতা বজায় রেখেই ভবিষ্যৎ পরিকল্পনা এগিয়ে নিতে হবে।
ববি হাজ্জাজ আরও বলেন, চলমান কার্যক্রমের ২৬টি ক্রয় প্যাকেজের মধ্যে আটটির মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে। এসব ক্ষেত্রে বিদ্যমান দরপত্রের মেয়াদ বাড়ানোর সম্ভাবনা যাচাই করা হচ্ছে। পাশাপাশি পরবর্তী সময়ে নতুন করে দরপত্র আহ্বানের উদ্যোগ নেওয়া হবে।
খাদ্য সরবরাহ ব্যবস্থায় খাদ্য নিরাপত্তা, গুণগত মান, পুষ্টিমান, পরিবহন ও সংরক্ষণ এবং পরিবীক্ষণ ও জবাবদিহিতা আরও শক্তিশালী করার ওপরও গুরুত্ব দেন প্রতিমন্ত্রী।
বৈঠকে ডব্লিউএফপি প্রতিনিধিদল চলমান স্কুল ফিডিং কার্যক্রমের দ্রুত পর্যালোচনার প্রস্তাব দেয়। এ পর্যালোচনায় খাদ্যের পুষ্টিমান, খাদ্য নিরাপত্তা ও গুণগত মান এবং মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনার সক্ষমতা গুরুত্ব পাবে। এ জন্য প্রয়োজনীয় কারিগরি সহায়তা ও বিশেষজ্ঞ মতামত দেওয়ার আশ্বাস দেন প্রতিনিধিরা। দ্রুততম সময়ে পর্যালোচনা শেষ করে সুপারিশ উপস্থাপনের লক্ষ্য রয়েছে বলেও জানান তাঁর
প্রতিমন্ত্রী বলেন, স্কুল ফিডিং কার্যক্রমকে আরও কার্যকর ও টেকসই করতে আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং বিভিন্ন দেশের সফল মডেল পর্যালোচনা করা প্রয়োজন। রান্না করা খাবার সরবরাহের ক্ষেত্রে কেন্দ্রীয় রান্নাঘর, কমিউনিটিভিত্তিক ব্যবস্থাপনা ও স্থানীয় অংশীদারত্বের সম্ভাবনা যাচাই করা যেতে পারে। তবে প্রতিটি মডেল বাংলাদেশের বাস্তবতা, স্থানীয় সক্ষমতা, খাদ্য নিরাপত্তা ও জবাবদিহিতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
ডব্লিউএফপি প্রতিনিধিদল জানায়, শ্রীলঙ্কা, পাকিস্তান ও ভারতের অভিজ্ঞতাসহ বিভিন্ন দেশের স্কুল ফিডিং কর্মসূচির সফল উদ্যোগ, চ্যালেঞ্জ ও উত্তম চর্চাগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে বিশ্লেষণে তারা সহযোগিতা করতে আগ্রহী। এ ছাড়া স্থানীয় কৃষকদের সম্পৃক্ত করে স্কুল ফিডিং কার্যক্রম পরিচালনার মাধ্যমে শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় কৃষি ও অর্থনীতিকে সহায়তা করার সুযোগ রয়েছে।
বৈঠকে ডব্লিউএফপির হেড অব প্রোগ্রাম জেসি উড, সিনিয়র পার্টনারশিপস অ্যাডভাইজার (গভর্নমেন্ট এনগেজমেন্ট) মো. মহসিন, প্রোগ্রাম পলিসি অফিসার (স্কুল ফিডিং) স্নেহা লতা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন