Advertisement
সোমবার, 16 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

বাংলাদেশ-শ্রীলঙ্কা সম্পর্ক জোরদারে সহযোগিতা বাড়ানোর তাগিদ

বাংলাদেশ-শ্রীলঙ্কা সম্পর্ক জোরদারে সহযোগিতা বাড়ানোর তাগিদ
News Banner

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমাইয়ুন কবির।

রোববার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল বীরক্কোডির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ গুরুত্বারোপ করেন।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নতুন নেতৃত্বের অধীনে বাংলাদেশ ও শ্রীলঙ্কা উভয় দেশই নিজ নিজ জাতি গঠনে বাস্তবসম্মত ও দূরদর্শী পথে এগিয়ে যাচ্ছে। দুই দেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণে পারস্পরিক সহযোগিতার সব সম্ভাব্য পথ অনুসন্ধান করা জরুরি।

এ সময় বহুপাক্ষিক বিভিন্ন অনুষ্ঠানের ফাঁকে শ্রীলঙ্কার নেতৃত্বের সঙ্গে তাঁর আলোচনার বিষয়টিও তুলে ধরেন প্রতিমন্ত্রী। পাশাপাশি চলমান আলোচনা ত্বরান্বিত করে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণসহ বিভিন্ন দ্বিপক্ষীয় সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়।

হুমাইয়ুন কবির ২০২৫ সালের নভেম্বরে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় অনুষ্ঠিত চতুর্থ বাংলাদেশ-শ্রীলঙ্কা পররাষ্ট্র দপ্তর পরামর্শ সভার সিদ্ধান্তগুলো বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন। পরবর্তী সভাটি ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও বহুমুখী সম্পর্ক আরও গভীর করার আশাবাদ ব্যক্ত করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠকটি শেষ হয়।

এই সংবাদটি পঠিত হয়েছে: 9 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 604 টি

মন্তব্য করুন