Advertisement
শুক্রবার, 06 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বিভিন্ন পদে ৩৬ মুসলিমের জয়

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বিভিন্ন পদে ৩৬ মুসলিমের জয়
News Banner

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বিভিন্ন পর্যায়ে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন মুসলিম আমেরিকান প্রার্থীরা। কংগ্রেস, রাজ্য আইনসভা, বিচার বিভাগ ও স্থানীয় সরকারসহ বিভিন্ন পর্যায়ে অন্তত ৩৬টি পদে জয় পেয়েছেন তাঁরা। এ সাফল্যকে দেশটির মূলধারার রাজনীতিতে মুসলিম জনগোষ্ঠীর ক্রমবর্ধমান অংশগ্রহণ ও প্রভাবের গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

শুক্রবার (৬ নভেম্বর) পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গাজা ও ইরানের যুদ্ধ, অর্থনৈতিক সংকট এবং যুক্তরাষ্ট্রে মুসলিমবিদ্বেষের বিস্তার এবারের নির্বাচনে মুসলিম ভোটারদের সক্রিয় অংশগ্রহণে ভূমিকা রেখেছে। নির্বাচনের ফলাফলে কংগ্রেস থেকে শুরু করে রাজ্য ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন পদে মুসলিম প্রার্থীদের সাফল্য দেখা গেছে।

এবারের নির্বাচনে সবচেয়ে আলোচিত ঘটনা ঘটেছে মিশিগান অঙ্গরাজ্যে। ডেমোক্র্যাটিক প্রার্থী আবদুল আল-সাইদ রিপাবলিকান সাবেক কংগ্রেস সদস্য মাইক রজার্সকে পরাজিত করে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হয়েছেন।

কংগ্রেসের অন্যান্য আসনেও সাফল্য পেয়েছেন মুসলিম প্রার্থীরা। নিউজার্সির ১২তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী অ্যাডাম হামাওয়াই। এর মধ্য দিয়ে অঙ্গরাজ্যটি থেকে প্রতিনিধি পরিষদে প্রথম মুসলিম সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। নিউইয়র্কের ১৩তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে জয় পেয়েছেন দারিয়ালিজা অ্যাভিলা শেভালিয়ার।

এ ছাড়া প্রতিনিধি পরিষদে নিজেদের আসন ধরে রেখেছেন ইলহান ওমর, রাশিদা তালিব, আন্দ্রে কারসন ও লাতিফাহ সাইমন। ক্যালিফোর্নিয়ার ১৪তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে আয়েশা ওয়াহাবও শক্ত অবস্থানে রয়েছেন। তবে তাঁর জয়ের বিষয়টি তখনো চূড়ান্ত হয়নি।

রাজ্য আইনসভাতেও মুসলিম প্রার্থীদের সাফল্য উল্লেখযোগ্য। জর্জিয়ার রাজ্য সিনেটের ৭ নম্বর ডিস্ট্রিক্ট থেকে জয় পেয়েছেন রুয়া রোমান। তিনি অঙ্গরাজ্যটির সিনেটে নির্বাচিত প্রথম ফিলিস্তিনি-আমেরিকান। একই রাজ্যে শেখ রহমান নিজের আসন ধরে রেখেছেন এবং ফারুক মুঘল পুরোনো আসন পুনরুদ্ধার করেছেন।

ইলিনয়ের ২৬ নম্বর ডিস্ট্রিক্ট থেকে জয় পেয়েছেন নাবিলা সৈয়দ। একই অঙ্গরাজ্যে আসন ধরে রেখেছেন আবদেলনাসের রশিদ। মিশিগানের ২ নম্বর ডিস্ট্রিক্টে এগিয়ে রয়েছেন আব্বাস আলাউইয়েহ। তাঁর জয় নিশ্চিত হলে তিনি অঙ্গরাজ্যটির সিনেটে নির্বাচিত প্রথম আরব-আমেরিকান ও মুসলিম হবেন।

এ ছাড়া কলোরাডোতে ইমান জোদে, কানেকটিকাটে মারিয়াম খান ও সৌদ আনোয়ার, ডেলাওয়ারে মদিনা উইলসন-অ্যান্টন এবং মিনেসোটায় ওমর ফাতেহ ও জয়নাব মোহাম্মদ জয় পেয়েছেন। মিনেসোটায় মাহমুদের নূর ও সামাকাব হুসেনও নিজেদের আসন ধরে রেখেছেন।

নিউইয়র্কের ১২ নম্বর স্টেট সিনেট আসনে জয় পেয়েছেন ফিলিস্তিনি-আমেরিকান প্রার্থী আবের কাওয়াস। একই রাজ্যে নিজের আসনে জয় ধরে রেখেছেন রবার্ট জ্যাকসন। এ ছাড়া ওহাইওতে মুনিরা আবদুল্লাহি ও ইসমাইল মোহাম্মদ, অরেগনে কায়সে জামা, নর্থ ক্যারোলাইনায় মুজতবা মোহাম্মদ, পেনসিলভানিয়ায় তারিক খান ও মারিয়াম সাবিহ এবং টেক্সাসে সালমান ভোজানি ও সুলেমান লালানি নিজ নিজ আসনে জয় পেয়েছেন।

স্থানীয় সরকার ও বিচার বিভাগেও মুসলিম প্রার্থীদের সাফল্য এসেছে। টেক্সাসের হ্যারিস কাউন্টিতে বিচারক নির্বাচিত হয়েছেন লেটিশিয়া প্লামার। তিনি কাউন্টিটির নেতৃত্ব দেওয়া প্রথম কৃষ্ণাঙ্গ ও প্রথম মুসলিম ব্যক্তি। এ ছাড়া ১১৩তম সিভিল ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক হিসেবে নিজের আসন ধরে রেখেছেন রাবিয়া কোলিয়ার।

তবে মিশিগান, পেনসিলভানিয়া ও ওয়াশিংটনের কয়েকটি স্থানীয় ও বিচারক পদের ভোট গণনা তখনো চলছিল।
কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (কেয়ার) এবং সংস্থাটির রাজনৈতিক বিষয়ক সহযোগী প্রতিষ্ঠান কেয়ার অ্যাকশন জানিয়েছে, এবারের নির্বাচনে ফেডারেল, রাজ্য ও স্থানীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করা ১৬০ জনের বেশি মুসলিম-আমেরিকান প্রার্থীর নির্বাচনি কার্যক্রম পর্যবেক্ষণ করেছে তারা।

সংস্থা দুটির মতে, এবারের নির্বাচনে মুসলিম প্রার্থীদের অংশগ্রহণ ও সাফল্য যুক্তরাষ্ট্রের রাজনীতিতে মুসলিম জনগোষ্ঠীর ক্রমবর্ধমান রাজনৈতিক সক্রিয়তা ও প্রভাবেরই প্রতিফলন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 9 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 585 টি

মন্তব্য করুন