Advertisement
বৃহস্পতিবার, 05 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

আইসিএপিপি সম্মেলনে সিউলে বিএনপি প্রতিনিধি দল

আইসিএপিপি সম্মেলনে সিউলে বিএনপি প্রতিনিধি দল
News Banner

দক্ষিণ এশিয়ার রাজনৈতিক দলসমূহের আন্তর্জাতিক সম্মেলন (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশনে যোগ দিতে বিএনপির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে পৌঁছেছে।

বুধবার (৪ নভেম্বর) স্থানীয় সময় দুপুরে প্রতিনিধি দলটি সিউলের ইনচন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ সময় আইসিএপিপির প্রতিনিধিবৃন্দ এবং দক্ষিণ কোরিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা তাঁদের স্বাগত জানান।

বিএনপির প্রতিনিধি দলে রয়েছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ এবং যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

সম্মেলনের আনুষ্ঠানিক কর্মসূচির অংশ হিসেবে বুধবার সন্ধ্যায় সিউলের হোটেল শিলায় এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলের নেতাদের সম্মানে স্বাগত নৈশভোজের আয়োজন করা হয়েছে। একই দিন রাতে আইসিএপিপির স্থায়ী কমিটির ৪৬তম সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টায় হোটেল শিলা সিউলে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। দুই দিনব্যাপী এ সম্মেলনে এশিয়ার ৩৭টি দেশের ৯৬টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেবেন।
সম্মেলনের প্রথম দিনে দুটি প্ল্যানারি অধিবেশন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দিন শুক্রবার (৬ নভেম্বর) তৃতীয়, চতুর্থ ও পঞ্চম প্ল্যানারি অধিবেশনে অংশ নেবেন বিভিন্ন দেশের রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘পরিবর্তনশীল বিশ্বে আস্থা পুনর্গঠন’। এতে সমসাময়িক আন্তর্জাতিক ও আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি, পারস্পরিক সহযোগিতা, সংলাপ এবং আস্থা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। পাশাপাশি অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা ও যৌথ ঘোষণাপত্র প্রণয়নের বিষয়েও মতবিনিময় করবেন অংশগ্রহণকারীরা।

শুক্রবার বিকেলে সমাপনী অধিবেশনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হবে।

উল্লেখ্য, বাংলাদেশের পাঁচটি রাজনৈতিক দল—বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জাতীয় পার্টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশকে এ আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 16 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 568 টি

মন্তব্য করুন