Advertisement
মঙ্গলবার, 03 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

ডি-৮-এর বাণিজ্য সম্ভাবনা কাজে লাগাতে চায় বাংলাদেশ

ডি-৮-এর বাণিজ্য সম্ভাবনা কাজে লাগাতে চায় বাংলাদেশ
News Banner

ডি-৮ সদস্য দেশগুলোর অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহী বাংলাদেশ। এ লক্ষ্যে সদস্য দেশগুলোর মধ্যে বিদ্যমান বাণিজ্য বাধা দূর, পারস্পরিক শুল্ক সুবিধা সম্প্রসারণ এবং মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) ও অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির (পিটিএ) রূপরেখা দ্রুত চূড়ান্ত ও বাস্তবায়নের তাগিদ দিয়েছে ঢাকা।

সোমবার (২ নভেম্বর) তুরস্কের ইস্তাম্বুলে কমসেকের ৪২তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনের সাইডলাইনে ডি-৮ মহাসচিব সোহাইল মাহমুদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের এ অবস্থান তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বৈঠকে ডি-৮ সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য সম্প্রসারণের বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করা এবং পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়টি গুরুত্ব পায়। সদস্য দেশগুলোর অর্থনৈতিক সম্ভাবনাকে বাণিজ্য ও বিনিয়োগে রূপ দিতে শুল্ক সুবিধা বাড়ানো এবং বাণিজ্য সহজ করার বিষয়েও আলোচনা হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে ডি-৮ সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে এফটিএ ও পিটিএর রূপরেখা দ্রুত চূড়ান্ত করে বাস্তবায়নে ডি-৮ সচিবালয়কে সক্রিয় ভূমিকা নিতে হবে। পাশাপাশি সদস্য দেশগুলোর মধ্যে সমন্বয় জোরদারের আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, বাণিজ্য চুক্তি বাস্তবায়নের পাশাপাশি ডি-৮-এর প্রাতিষ্ঠানিক কার্যকারিতা বাড়ানো প্রয়োজন। জোটকে আরও অর্থবহ ও কার্যকর করতে পুনর্গঠন এবং ফলাফলভিত্তিক কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্ব দেন তিনি।
জবাবে ডি-৮ মহাসচিব সোহাইল মাহমুদ সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও আন্তঃবাণিজ্য বাড়াতে বাংলাদেশের প্রস্তাব ও আগ্রহ ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন।

বৈঠকে বাংলাদেশ ও ডি-৮ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কমসেকের ৪২তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশ নিতে বর্তমানে তুরস্ক সফর করছেন বাণিজ্যমন্ত্রী।

এই সংবাদটি পঠিত হয়েছে: 7 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 559 টি

মন্তব্য করুন