Advertisement
সোমবার, 02 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
নকলায় দারুল আরকাম ইন্টারন্যাশনাল মাদ্রাসার যাত্রা শুরু ঢাকায় হত্যা, শেরপুরে ড্রামে মরদেহ; রহস্য উদ্‌ঘাটন করল পিবিআই বায়ুদূষণ মোকাবিলায় গবেষণা ও নীতির সমন্বয় চান পরিবেশ প্রতিমন্ত্রী প্রবাসীদের বিনিয়োগ টানতে ঢাকায় বসছে এনআরবি ওয়ার্ল্ড সামিট সরকারি দপ্তরের কর্মসম্পাদন মূল্যায়নে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ডেনমার্কের সঙ্গে নতুন সম্ভাবনা শেরপুরে যুব দিবসে যুবকদের মধ্যে ঋণ ও সনদ বিতরণ অভিনব কৌশলে পাচার, জব্দ ১২ লাখ টাকার ডিসপ্লে শেরপুরে প্লেসের সেমিস্টার পরীক্ষার ফল প্রকাশ, পুরস্কৃত কৃতীরা যুক্তরাজ্যের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ

প্রবাসীদের বিনিয়োগ টানতে ঢাকায় বসছে এনআরবি ওয়ার্ল্ড সামিট

প্রবাসীদের বিনিয়োগ টানতে ঢাকায় বসছে এনআরবি ওয়ার্ল্ড সামিট
News Banner

প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগ, মেধা ও আন্তর্জাতিক অভিজ্ঞতা দেশের উন্নয়নে কাজে লাগানোর লক্ষ্য নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬’। আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর রাজধানীর শেরাটন হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।এতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশি, উদ্যোক্তা, বিনিয়োগকারী, পেশাজীবী ও নীতিনির্ধারকদের অংশ নেওয়ার কথা রয়েছে।

সামিট উপলক্ষে রোববার (১ নভেম্বর) দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সংবাদ সম্মেলনের আয়োজন করে এনআরবি ওয়ার্ল্ড। এতে সম্মেলনের লক্ষ্য, পরিকল্পনা ও কর্মসূচি তুলে ধরেন আয়োজকরা।

সংবাদ সম্মেলনে এনআরবি ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা মোহাম্মদ শাহীদুজ্জামান টরিক বলেন, প্রবাসী বাংলাদেশিরা তাঁদের মেধা, অভিজ্ঞতা, দক্ষতা, আন্তর্জাতিক যোগাযোগ ও বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তাঁদের এই সম্ভাবনাকে কার্যকরভাবে কাজে লাগানোর লক্ষ্যেই কাজ করছে এনআরবি ওয়ার্ল্ড।

তিনি জানান, ২০১৪ সালে সিঙ্গাপুরের শাংগ্রি-লা হোটেলে যাত্রা শুরু করে সংগঠনটি। পরবর্তী সময়ে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও দুবাইসহ বিভিন্ন দেশে এর কার্যক্রম ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে বিশ্বের ৫০টির বেশি দেশে সংগঠনটির নেটওয়ার্ক রয়েছে। এবারের সম্মেলনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় এক হাজার প্রবাসী বাংলাদেশি, উদ্যোক্তা, বিনিয়োগকারী ও পেশাজীবীর অংশগ্রহণ প্রত্যাশা করছেন আয়োজকরা।

দুই দিনের সম্মেলনে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান, জ্বালানি ও টেকসই উন্নয়নসহ দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। পাশাপাশি অনুষ্ঠিত হবে ‘গ্লোবাল হেলথ সামিট ২০২৬’। এতে স্বাস্থ্যসেবা, চিকিৎসা প্রযুক্তি, আন্তর্জাতিক স্বাস্থ্য সহযোগিতা এবং স্বাস্থ্য খাতে বিনিয়োগের সম্ভাবনা গুরুত্ব পাবে।

আয়োজকরা জানান, সম্মেলনের অন্যতম উদ্দেশ্য প্রবাসী বাংলাদেশি ও দেশের উদ্যোক্তাদের মধ্যে কার্যকর ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলা। এ জন্য নেটওয়ার্কিং, বিজনেস ম্যাচমেকিং, বিনিয়োগ আলোচনা এবং তরুণ উদ্যোক্তাদের সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া প্রবাসী নারীদের নেতৃত্ব ও অবদান নিয়েও বিশেষ আলোচনা থাকবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করতে এবং বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে স্থানীয় উদ্যোক্তাদের সংযোগ স্থাপনে কার্যকর কাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে বিনিয়োগ সহায়তা ও কমিশনভিত্তিক প্রস্তাবসহ বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করা হবে।

সামিটকে আন্তর্জাতিক পরিসরে পরিচিত করতে ইতোমধ্যে বিভিন্ন দেশে প্রচার ও যোগাযোগ কার্যক্রম চালানো হয়েছে বলে জানান আয়োজকরা। যুক্তরাজ্য ও ফ্রান্সে সংবাদ সম্মেলনের পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত এবং ইউরোপের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশি, ব্যবসায়ী ও সংগঠকদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে।

এ ছাড়া প্রবাসী বাংলাদেশিদের সাফল্য, অবদান ও সম্ভাবনা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে বিভিন্ন প্রকাশনা উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রবাসীদের অর্জনকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি দেশের উন্নয়নে তাঁদের বিনিয়োগ ও অংশগ্রহণের সুযোগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

সংবাদ সম্মেলনে এনআরবি ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা এনামুল হক এনাম, পরিচালক আনিসুল কবির জাসির ও রেহান রেজা এবং আঞ্চলিক পরিচালক সুমাইয়া জামান উপস্থিত ছিলেন।

আয়োজকদের প্রত্যাশা, এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ প্রবাসী বাংলাদেশি ও দেশের মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতা, বিনিয়োগ, জ্ঞান বিনিময় এবং আন্তর্জাতিক ব্যবসায়িক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 18 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 550 টি

মন্তব্য করুন