Advertisement
বুধবার, 28 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার

নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার
News Banner

নারী ও শিশুদের অধিকার সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুশ্রম নিরসন এবং নারীর ক্ষমতায়নে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা জোরদার করতে চায় সরকার। এসব বিষয়ে নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি জিলিয়ান মেলসপের সৌজন্য সাক্ষাতে আলোচনা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, নারী ও শিশুদের টেকসই উন্নয়ন, মিড-ডে মিল, কিশোর-কিশোরী ক্লাব, মনোসামাজিক সহায়তা, ফ্যামিলি কার্ড এবং নারী ও শিশু সুরক্ষাসংক্রান্ত বিভিন্ন আইন নিয়ে আলোচনা হয়।

মন্ত্রী বলেন, ইউনিসেফ বাংলাদেশের নির্ভরযোগ্য ও বন্ধুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে সংস্থাটির উন্নয়ন সহযোগিতা ও সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন সমাজ গঠনে নির্বাচনী ইশতেহারে নারী ও শিশুদের কল্যাণ, পুষ্টি, শিক্ষা ও নিরাপত্তা নিয়ে সরকারের দেওয়া অঙ্গীকারগুলো সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাস্তবায়ন করা হচ্ছে। বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে ইউনিয়ন পর্যায়ের কিশোর-কিশোরী ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও উল্লেখ করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও সার্বিক কল্যাণে সহায়তামূলক কার্যক্রম ভবিষ্যতে আরও জোরদার করা হবে। একই সঙ্গে সব শিশুর জন্য বাসযোগ্য, উন্নত ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি নারীর ক্ষমতায়ন, জেন্ডার সমতা অর্জন, বাল্যবিবাহ প্রতিরোধ এবং ইউনিয়ন পর্যায়ে সরকারের বিভিন্ন সমাজকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন।

উল্লেখ্য, ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন শেষে বাংলাদেশ ত্যাগের মধ্য দিয়ে কর্মজীবন থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নিতে যাচ্ছেন জিলিয়ান মেলসপ। তাঁর দীর্ঘ কর্মজীবনের সফল সমাপ্তিতে অভিনন্দন জানিয়ে অবসরোত্তর জীবনের সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন মন্ত্রী।

এই সংবাদটি পঠিত হয়েছে: 10 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 539 টি

মন্তব্য করুন