শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানিতে ১৬৬ জনকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়া দুজনকে হুইলচেয়ার ও দুজনকে ওষুধ কেনার জন্য সহায়তা দেওয়া হয়। বুধবার (২৮ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত গণশুনানিতে মোট ১৯২ জন সেবাপ্রার্থী তাঁদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ তুলে ধরেন।
গণশুনানি গ্রহণ করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন। এ সময় জেলার বিভিন্ন এলাকা থেকে আসা সেবাপ্রার্থীরা চিকিৎসা, আর্থিক অসচ্ছলতা, শিক্ষা, বাসস্থান, প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা, ভূমি-সংক্রান্ত জটিলতা ও বিভিন্ন নাগরিক সেবা নিয়ে তাঁদের আবেদন ও অভিযোগ জানান।
জেলা প্রশাসক তাঁদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যার ধরন অনুযায়ী তাৎক্ষণিক সহায়তা, পরামর্শ ও দিকনির্দেশনা দেন। জেলা প্রশাসকের নিজস্ব তহবিল থেকে ১৬৬ জনকে আর্থিক সহায়তা দেওয়া হয়। পাশাপাশি দুজনকে হুইলচেয়ার ও দুজনকে ওষুধ কেনার জন্য সহায়তা দেওয়া হয়।
অন্য সেবাপ্রার্থীদের আবেদন সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়। তাঁদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
নাগরিকদের সমস্যা সরাসরি শুনে সরকারি সেবা নিশ্চিত করা এবং দ্রুত প্রতিকারের উদ্যোগ নিতে জেলা প্রশাসন, শেরপুরের এ গণশুনানি কার্যক্রম অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন