শেরপুরে ১৪ বছর বয়সী এক কিশোরীকে অপহরণের মামলায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪। মঙ্গলবার (২৭ অক্টোবর) গাজীপুরের বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার ও অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়। একই দিন ঢাকায় মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকেও গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গ্রেপ্তার অপহরণ মামলার প্রধান আসামি আজলুল হক ওরফে বাবুল ওরফে মো. ফজলুল হক বাবু (২৫)। অন্যদিকে, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি মো. আকবর আলী (২৭)। তিনি নালিতাবাড়ী উপজেলার নন্নী টেকড়াপাড়া এলাকার মৃত আলালউদ্দিনের ছেলে।
এসআরবি-১৪ সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর শেরপুর সদর থানায় নিজের ১৪ বছর বয়সী মেয়েকে অপহরণের অভিযোগে মামলা করেন এক ব্যক্তি। কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
মামলার এজাহার অনুযায়ী, গত ৫ অক্টোবর সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে দুটি সিএনজিচালিত অটোরিকশায় আসা ব্যক্তিরা কিশোরীর পথরোধ করেন। পরে জোরপূর্বক ও ভয়ভীতি দেখিয়ে তাঁকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। এজাহারে আরও অভিযোগ করা হয়, প্রধান আসামি দীর্ঘদিন ধরে কিশোরীকে উত্ত্যক্ত করতেন। এতে বাধা দেওয়ায় তাঁর পরিবারের প্রতি শত্রুতা পোষণ করতেন তিনি।
এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হওয়ার পর আসামিরা আত্মগোপনে চলে যান। পরে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৪-এর জামালপুর ও ঢাকার উত্তরা সিপিসির যৌথ দল গাজীপুরের বাসন থানা এলাকায় অভিযান চালায়। মঙ্গলবার দুপুরে সেখান থেকে প্রধান আসামি বাবুকে গ্রেপ্তার এবং কিশোরীকে উদ্ধার করা হয়।
অন্যদিকে, একই দিন দুপুরে ঢাকার খিলক্ষেত থানার ব্যায়াম চত্বর এলাকায় অভিযান চালিয়ে আকবর আলীকে গ্রেপ্তার করে এসআরবি-১৪-এর জামালপুর সিপিসি ও এসআরবি-১-এর পূর্বাচল সিপিসির যৌথ দল। তিনি নালিতাবাড়ী থানায় ২০১৯ সালের ১৩ জুন দায়ের করা একটি মাদক মামলায় এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
এসআরবি সূত্র জানায়, উদ্ধার করা কিশোরীকে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন