হাত ধোয়া ও স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে রোগ প্রতিরোধের পাশাপাশি সুস্থ প্রজন্ম গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ডায়রিয়া ও খাদ্যবাহিত রোগ প্রতিরোধে খাবার আগে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে হাত ধোয়া অত্যন্ত জরুরি। নিয়মিত হাত পরিষ্কার রাখা ও স্বাস্থ্যবিধি মেনে চলা ব্যক্তিগত সুস্বাস্থ্যের জন্য অপরিহার্য। ফাস্টফুড খাওয়ার সময় সাবান-পানি দিয়ে হাত ধোয়ার সুযোগ না থাকলে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দেন তিনি।শিক্ষার্থীদের মধ্যে এসব অভ্যাস গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী।
ঢাকার পানি সরবরাহ পরিস্থিতি তুলে ধরে মীর শাহে আলম বলেন, ঢাকা ওয়াসা প্রতিদিন প্রায় ৩১৪ কোটি লিটার পানি সরবরাহ করে। এর ৭৪ শতাংশ আসে ভূগর্ভস্থ উৎস থেকে, বাকি ২৬ শতাংশ নদীর পানি শোধন করে সরবরাহ করা হয়। ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে পদ্মা নদী থেকে অতিরিক্ত ১০০ কোটি লিটার পানি ঢাকায় সরবরাহের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান তিনি। এ সময় পানির অপচয় রোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার বিষয়ে তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি পুষ্টিকর খাবার, প্রয়োজনীয় ভিটামিন গ্রহণ এবং খেলাধুলার প্রতি গুরুত্ব দিতে হবে। ভিটামিন ডির ঘাটতিসহ বিভিন্ন কারণে শারীরিক ক্লান্তি দেখা দিতে পারে উল্লেখ করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ মালালাই আহমাদজাই, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বাংলাদেশ প্রতিনিধি (ওআইসি) ডা. রাজেশ নারওয়াল এবং ইউনিসেফের ওয়াশ বিভাগের প্রধান পিটার মেস। তাঁরা বিশ্ব হাত ধোয়া দিবসের তাৎপর্য তুলে ধরে শিশু-কিশোরদের নিয়মিত হাত ধোয়া ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাত ধোয়া ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার শপথ পাঠ করানো হয়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করছে না। একইভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচনও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা হবে। বিএনপি সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিতে চায় না বলেও মন্তব্য করেন তিনি।
মন্তব্য করুন