স্পেনের মালাগা শহরের মেয়র ফ্রান্সিসকো দে লা তোরে প্রাডোসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বৈঠকে দুই পক্ষের মধ্যে কৃষি, শিক্ষা, তথ্যপ্রযুক্তি, বাণিজ্য ও পর্যটনসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে মালাগার মেয়রের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা সম্পর্কে মেয়রকে অবহিত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ প্রক্রিয়ায় স্পেনসহ ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর সমর্থনের প্রশংসা করেন তিনি।
আলোচনায় কৃষি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), দক্ষতা উন্নয়ন, শিক্ষার্থী বিনিময়, সাংস্কৃতিক বিনিময়, বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সহযোগিতা, পর্যটন ও সৃজনশীল অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক জোরদারের সম্ভাবনা তুলে ধরা হয়। বিশেষ করে মালাগাকে কেন্দ্র করে স্পেনের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১৩ লাখ রোহিঙ্গাকে মানবিকভাবে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রশংসা করেন মালাগার মেয়র। একই সঙ্গে রোহিঙ্গা সংকটের দ্রুত ও টেকসই সমাধানের আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ ছাড়া বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মালাগা পৌর কর্তৃপক্ষের মধ্যে ভবিষ্যতে যোগাযোগ ও পারস্পরিক আলোচনা অব্যাহত রাখার বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে।
মন্তব্য করুন