জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং অভিযোজন ও জলবায়ু অর্থায়নে সহযোগিতা বাড়ানোর বিষয়ে যুক্তরাজ্যের জলবায়ু বিষয়ক বিশেষ প্রতিনিধি র্যাচেল কাইটের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) লন্ডনে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে জলবায়ু সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বৈঠকে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিত উপস্থিত ছিলেন।
আলোচনায় জলবায়ু অভিযোজন ও স্থিতিস্থাপকতা বৃদ্ধি, জলবায়ু অর্থায়নের সুযোগ সম্প্রসারণ, নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর, কার্বন বাজার এবং সবুজ ও নীল অর্থনীতিতে বিনিয়োগের সম্ভাবনা গুরুত্ব পায়।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের চলমান বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। তিনি জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং জলবায়ু কার্যক্রমে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে সরকারের প্রচেষ্টার কথা জানান।
এ ছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে নারী ও শিশুদের ওপর তুলনামূলক বেশি প্রভাব, জলবায়ু-সম্পর্কিত প্রযুক্তি ও উদ্ভাবনে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা এবং বৈশ্বিক জলবায়ু প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের বিষয়েও দুই পক্ষের মধ্যে মতবিনিময় হয়।
বৈঠকে আসন্ন কপ-৩১ সম্মেলনের অগ্রাধিকার নিয়েও আলোচনা করেন তারা। এ ক্ষেত্রে জলবায়ু অর্থায়ন, অভিযোজন কার্যক্রম এবং অভিন্ন জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
ঢাকা ও লন্ডনের মধ্যে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিদ্যমান সহযোগিতাকে আরও কার্যকর ও বিস্তৃত করার বিষয়ে বৈঠকে গুরুত্বারোপ করা হয়।
মন্তব্য করুন