Advertisement
শুক্রবার, 30 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

দুই দিনব্যাপী তীর্থোৎসব ঘিরে জমজমাট মেলার সমাপ্তি

দুই দিনব্যাপী তীর্থোৎসব ঘিরে জমজমাট মেলার সমাপ্তি
News Banner

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ের বারোমারী সাধু লিওর খ্রিস্টান ধর্মপল্লীতে দুই দিনব্যাপী ফাতেমা রাণী তীর্থোৎসব ঘিরে বসা জমজমাট মেলার সমাপ্তি হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া এ মেলা শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় শেষ হয়।

তীর্থোৎসব উপলক্ষে ধর্মপল্লীর পাশের মাঠে বসে এ মেলা। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যবসায়ীরা নানা পণ্যের পসরা সাজিয়ে বসেন। আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, অন্যান্য বছরের তুলনায় এবার মেলায় দোকান ও স্টলের সংখ্যা ছিল বেশি। দিন-রাত ক্রেতা ও দর্শনার্থীদের পদচারণায় মুখর ছিল মেলা প্রাঙ্গণ।

মেলায় গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাক, ঘর সাজানোর সামগ্রী, আসবাবপত্র, কসমেটিকস ও প্রসাধনী, খ্রিস্টধর্মীয় সামগ্রী, শোপিস, শিশুদের খেলনা এবং বিভিন্ন ধরনের খাবারের দোকান ছিল। তীর্থযাত্রী ও দর্শনার্থীদের পাশাপাশি স্থানীয় মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মানুষেরও ভিড় দেখা যায় এসব স্টলে। মেলার দোকানগুলো ২৪ ঘণ্টাই খোলা ছিল।

রাঙামাটি থেকে পোশাকের স্টল নিয়ে আসা ব্যবসায়ী বিজয় চাকমা বলেন, এবার মেলা বেশ জমজমাট হলেও দোকানপাটের সংখ্যা বেশি হওয়ায় বেচাকেনা কিছুটা কম হয়েছে।
স্থানীয় কসমেটিকস ব্যবসায়ী আবুল মিয়া বলেন, মেলায় এবার শতাধিক দোকান বসেছে। এ কারণে গত বছরের তুলনায় তাঁদের বেচাকেনা কিছুটা কম হয়েছে।

অন্যদিকে, হালুয়াঘাট থেকে গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাক নিয়ে আসা ব্যবসায়ী মনিকা চিশিম বলেন, বেচাকেনা মোটামুটি সন্তোষজনক হয়েছে। আগে দুপুরের মধ্যেই মেলা শেষ হয়ে যেত। তবে এবার ক্রেতাদের ভিড় থাকায় সন্ধ্যা পর্যন্ত মেলা চলেছে।

ধর্মীয় আয়োজনের পাশাপাশি এ মেলা বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মিলনমেলায় পরিণত হয়। দুই দিনের এ আয়োজনে তীর্থযাত্রী, স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে গারো পাহাড়ের বারোমারী এলাকা।

এই সংবাদটি পঠিত হয়েছে: 3 বার

স্টাফ রিপোর্টার

অভিজ্ঞ সাংবাদিক, Sherpur Barta

এই সাংবাদিকের মোট খবর: 52 টি

মন্তব্য করুন