শেরপুরের নকলায় ৬২ পিস ইয়াবাসহ মো. রানা মিয়া (৩৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার ৪ নম্বর গৌড়দ্বার ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলামের ছেলে।
বুধবার (৫ নভেম্বর) রাতে উপজেলার গৌড়দ্বার বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
পুলিশ জানায়, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপের নেতৃত্বে অভিযানে এসআই তারিকুল, এসআই এমদাদ ও এসআই মামুনসহ পুলিশের একটি দল অংশ নেয়। এ সময় রানা মিয়ার কাছ থেকে ৬২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক রানা মিয়া উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের ছাতুগাঁও গ্রামের বাসিন্দা। তিনি ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলামের ছেলে এবং একই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলামের ভাতিজা।
নকলা থানার ওসি রিপন চন্দ্র গোপ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬২ পিস ইয়াবাসহ রানা মিয়াকে আটক করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন