Advertisement
মঙ্গলবার, 24 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

প্রাণিসম্পদ সপ্তাহে পদক পাচ্ছেন ২৩ ব্যক্তি-প্রতিষ্ঠান

প্রাণিসম্পদ সপ্তাহে পদক পাচ্ছেন ২৩ ব্যক্তি-প্রতিষ্ঠান
News Banner

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬। তিন দিনব্যাপী এ আয়োজন চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। এ উপলক্ষে প্রাণিসম্পদ খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পদক দেওয়া হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

মন্ত্রী জানান, কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে একযোগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন করা হবে। এ উপলক্ষে পদক প্রদান ছাড়াও সচেতনতামূলক কার্যক্রম, র‌্যালি, আলোচনা সভা, সেমিনার, কর্মশালা, রেসিপি প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, জাতীয় প্রাণিসম্পদ পদক নীতিমালা অনুযায়ী প্রাণিসম্পদ খাতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে ২৩টি পদক দেওয়া হবে। প্রতিটি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের যথাক্রমে স্বর্ণ ও রৌপ্য পদকে ভূষিত করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান বিজয়ীদের হাতে পদক তুলে দেবেন।

সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের অবদান ক্রমেই বাড়ছে। ২০২৫-২৬ অর্থবছরে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ। প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৩০ শতাংশ এবং কৃষিজ জিডিপিতে অবদান ১৬ দশমিক ৫৬ শতাংশ। এ সময়ে প্রাণিসম্পদ খাতের জিডিপির আকার দাঁড়িয়েছে ৯৪ হাজার ৯ কোটি টাকা।

তিনি আরও জানান, ২০২৫-২৬ অর্থবছরে দেশে ১৫৭ দশমিক ৫৩ লাখ মেট্রিক টন দুধ, ৯০ দশমিক ৭০ লাখ মেট্রিক টন মাংস এবং প্রায় ২ হাজার ৫০৯ কোটি ডিম উৎপাদিত হয়েছে। প্রাণিজ আমিষ ও পুষ্টির চাহিদা পূরণে এসব উৎপাদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মন্ত্রী বলেন, প্রাণিসম্পদ খাত গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা উন্নয়ন, নারীর অর্থনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি এবং দারিদ্র্য বিমোচনেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। কৃষিভিত্তিক অর্থনীতিতে এ খাত এখন দ্রুত বিকাশমান ও সম্ভাবনাময় একটি উপখাত।

সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি, মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খানসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 3 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 633 টি

মন্তব্য করুন