Advertisement
মঙ্গলবার, 24 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

ভুটানের সস্তা পাথরেও বাধা, ধুঁকছে নাকুগাঁও স্থলবন্দর

ভুটানের সস্তা পাথরেও বাধা, ধুঁকছে নাকুগাঁও স্থলবন্দর
News Banner

ভারত ও ভুটানের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের বিপুল সম্ভাবনা থাকলেও নানা প্রতিবন্ধকতায় ধুঁকছে শেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দর। ভুটান থেকে তুলনামূলক কম দামে পাথর আমদানির সুযোগ থাকলেও সীমান্তপথের জটিলতা, ভারতীয় ব্যবসায়ীদের বাধা ও নানা অনিয়মে ব্যাহত হচ্ছে আমদানি কার্যক্রম। অন্যদিকে ভিসা জটিলতা, সড়ক যোগাযোগের সমস্যা ও সমন্বয়হীনতায় সংকুচিত হচ্ছে বাণিজ্যের পরিধি।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, একসময় এ বন্দর দিয়ে পাথরের পাশাপাশি কয়লা, কাপড়, পাম অয়েল, মাছ, মশারি, তৈরি পোশাক ও সিমেন্টসহ বিভিন্ন পণ্যের আমদানি-রপ্তানি হতো। কিন্তু বর্তমানে বন্দরটি অনেকটাই পাথর আমদানিনির্ভর। ২০২৩ সালের পর থেকে নিয়মিত রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। কয়লা আমদানিও বন্ধ। এতে ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি কর্মসংস্থানেও নেতিবাচক প্রভাব পড়েছে।

ভুটান থেকে পাথর আমদানিকারক প্রতিষ্ঠান জাহিদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলম বলেন, ভারত থেকে আমদানি করা পাথরের তুলনায় ভুটানের পাথরের দাম অনেক কম। কিন্তু ভুটান থেকে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশে পাথর আনতে নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়। ভারতীয় ব্যবসায়ীদের বিভিন্ন নিয়মনীতি, পথে পথে চাঁদাবাজি এবং সীমান্তপথের জটিলতায় আমদানি ব্যাহত হচ্ছে।

তিনি জানান, আগে প্রতি রোববার ভুটান থেকে পাথরবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করত। তবে গত দুই সপ্তাহ ধরে রোববার কোনো পাথর আসেনি। ভারতের সাপ্তাহিক ছুটির দিনে স্থানীয় ব্যবসায়ীরা নিজেদের পণ্য প্রবেশ করতে না দেওয়ার পাশাপাশি ভুটানের পাথরবাহী ট্রাক প্রবেশের অনুমতিও দিচ্ছেন না বলে অভিযোগ করেন তিনি।

নাকুগাঁও আমদানি-রপ্তানি সমিতির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বলেন, ভারতীয় ব্যবসায়ীদের প্রভাব ও সিন্ডিকেটের কারণে পাথর আমদানিতে ব্যবসায়ীরা সমস্যায় পড়ছেন। পাথরের পাশাপাশি কয়লা ও অন্যান্য পণ্যের আমদানি-রপ্তানি চালু এবং ব্যবসায়ীদের মাল্টিপল এন্ট্রি ভিসার সুযোগ বাড়ানো গেলে বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি কর্মসংস্থানও বাড়বে।

ব্যবসায়ী কামরুল জানান, অতীতে এ বন্দর দিয়ে কাপড়, পাম অয়েল, মাছ, মশারি, তৈরি পোশাক ও সিমেন্টসহ বিভিন্ন পণ্য রপ্তানি হতো। কয়লাও আমদানি করা হতো। কিন্তু ২০২৩ সালের পর থেকে নিয়মিত রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। কয়লা আমদানিও বন্ধ। এসব পণ্যের বাণিজ্য পুনরায় চালু করা গেলে বন্দরের কার্যক্রমে গতি ফিরবে।

নাকুগাঁও ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টের ইমিগ্রেশন ইনচার্জ পলাশ চন্দ্র সরকার বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী ইমিগ্রেশন কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে ভিসা জটিলতার কারণে এ সীমান্ত দিয়ে ব্যবসায়ী ও পর্যটকদের যাতায়াত উল্লেখযোগ্যভাবে কমেছে। ভিসা প্রদান ও আবেদন কেন্দ্রের কার্যক্রম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিষয়।

বন্দর কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক (ট্রাফিক) মো. জাহিদুল ইসলাম বলেন, বর্তমানে ভারত থেকে পাথর আমদানির ওপর নির্ভর করেই বন্দর পরিচালিত হচ্ছে। ভারত থেকে ২১ ধরনের পণ্য আমদানির অনুমতি রয়েছে। পাশাপাশি বাংলাদেশ থেকে আইনসম্মত সব ধরনের পণ্য রপ্তানির সুযোগ রয়েছে। কিন্তু বাস্তবে সেই সুযোগ পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। একটি পণ্যের ওপর নির্ভর করে বন্দর পরিচালনা করা কঠিন। পণ্যের বৈচিত্র্য বাড়াতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা প্রয়োজন।

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নাকুগাঁও স্থলবন্দর দিয়ে ভারত থেকে পাথর আমদানি ২০১৯-২০ অর্থবছরে ছিল ৮৫ হাজার ৩৫ মেট্রিক টন। ২০২১-২২ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ২ লাখ ৭৬ হাজার ৪৮৩ মেট্রিক টনে। এরপর আমদানির পরিমাণ আরও বেড়ে ২০২৩-২৪ অর্থবছরে সর্বোচ্চ ৩ লাখ ৯১ হাজার ১৩৭ মেট্রিক টনে পৌঁছায়।

তবে এরপর থেকে আমদানিতে নিম্নমুখী প্রবণতা দেখা দেয়। সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে পাথর আমদানি কমে দাঁড়ায় প্রায় ১ লাখ ৯৫ হাজার মেট্রিক টনে। অর্থাৎ, মাত্র দুই অর্থবছরের ব্যবধানে নাকুগাঁও স্থলবন্দর দিয়ে পাথর আমদানি কমেছে প্রায় ৫০ শতাংশ।

আমদানি-রপ্তানি কমে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন বন্দরের শ্রমিকেরা। পণ্য ওঠানো-নামানো, ট্রাক খালাস, পাথর ভাঙা ও পরিবহনের কাজে নিয়োজিত শ্রমিকদের কাজ কমে গেছে। ফলে শত শত শ্রমিক এখন বেকার হয়ে পড়েছেন। তাঁদের অনেকেই কাজের অপেক্ষায় দিন কাটাচ্ছেন।

উল্লেখ্য, নাকুগাঁও স্থলবন্দর দিয়ে পাথর, কয়লা, চুনাপাথর, কাঠ, সার, পেঁয়াজ, রসুন, আদা, ফল ও গমসহ বিভিন্ন পণ্য আমদানির অনুমতি রয়েছে। নির্দিষ্ট কিছু ব্যতিক্রম ছাড়া ভুটানের পণ্যও আমদানি করা যায়। বাংলাদেশ থেকে আইনসম্মত সব ধরনের পণ্য রপ্তানির সুযোগ রয়েছে। তবে নানা প্রতিবন্ধকতায় সম্ভাবনাময় এ স্থলবন্দরের বাণিজ্যিক কার্যক্রম এখনো প্রত্যাশিত গতি পায়নি।

এই সংবাদটি পঠিত হয়েছে: 4 বার

মেহেদী হাসান শামীম

বার্তা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 160 টি

মন্তব্য করুন