আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ‘ব্যাংকিং ফেয়ার’।
রোববার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ মেলার উদ্বোধন করা হয়। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ময়মনসিংহ জোনের ত্রিশাল শাখা এ মেলার আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. ইমদাদুল হুদা।
ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ময়মনসিংহ জোনপ্রধান মো. আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ত্রিশাল শাখার শাখাপ্রধান সৈয়দ মামুন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. রাজু আহমেদ, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আহমেদ শাকিল হাশমিসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পাঁচ দিনব্যাপী এ মেলায় ইসলামী ব্যাংকের আধুনিক ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন ব্যাংকিং সেবা ও পণ্য প্রদর্শন করা হচ্ছে। মেলার স্টলে দর্শনার্থীরা ডিজিটাল ব্যাংকিং অ্যাপ ‘সেলফিন’ (CellFin), তাৎক্ষণিক ব্যাংক হিসাব খোলা ও ইন্টারনেট ব্যাংকিং সুবিধা সম্পর্কে সরাসরি জানতে পারছেন।
এ ছাড়া ডেবিট কার্ড, শরিয়াহভিত্তিক ক্রেডিট কার্ড ‘খিদমাহ’, প্রবাসী রেমিট্যান্স সেবা, এজেন্ট ব্যাংকিং, বিভিন্ন আমানত প্রকল্প ও বিনিয়োগ সুবিধা সম্পর্কেও তথ্য দেওয়া হচ্ছে।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্ম ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনা এবং নিরাপদ, সহজ ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্পর্কে সচেতনতা তৈরিই এ মেলার মূল লক্ষ্য। এ আয়োজনের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ গ্রাহকরা ব্যাংকটির বিভিন্ন সেবা সম্পর্কে সরাসরি জানার পাশাপাশি প্রয়োজনীয় ব্যাংকিং সুবিধা গ্রহণের সুযোগ পাবেন বলে আশা করছেন তারা।
মন্তব্য করুন