শেরপুরে পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি, ছিনতাই, দাঙ্গা-হাঙ্গামাসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) রাতে শুরু হওয়া এ অভিযান মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোররাত পর্যন্ত চলে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের ডাকপাড়া গ্রামের উকিল উদ্দিনের ছেলে মিনাল মিয়া, নাসিম উদ্দিনের ছেলে স্বপন মিয়া, হারেস মেম্বারের ছেলে আনন্দ, ইমান আলীর ছেলে সাদ্দাম মিয়া, কুতুবউদ্দিনের ছেলে আশরাফ আলী এবং শাহজাহানের ছেলে সাদ্দাম হোসেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মিনাল মিয়ার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাঁকে ওই এলাকার একজন দুর্ধর্ষ ডাকাত হিসেবে উল্লেখ করেছে পুলিশ। এ ছাড়া অন্যদের বিরুদ্ধেও শেরপুর-জামালপুর সড়কের ব্যাঙের মোড় এলাকায় দাঙ্গা-হাঙ্গামা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ জানান, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। পরে মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে গ্রেপ্তার ব্যক্তিদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন