Advertisement
মঙ্গলবার, 24 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

ঠিকানা ভুলে পথ হারানো বৃদ্ধাকে পরিবারের কাছে ফেরাল পুলিশ

ঠিকানা ভুলে পথ হারানো বৃদ্ধাকে পরিবারের কাছে ফেরাল পুলিশ
News Banner

দুই ছেলের নাম মনে আছে—রাব্বি ও রনি। নিজের বাড়ি শেরপুরের ঝিনাইগাতী উপজেলায়, সেটাও জানতেন। কিন্তু মনে করতে পারছিলেন না গ্রামের নাম কিংবা বাড়ির ঠিকানা। পথ হারিয়ে ঝিনাইগাতী বাজারে অসহায় অবস্থায় ঘুরছিলেন বৃদ্ধা রহিমা বেগম। অবশেষে পুলিশের মানবিক উদ্যোগ ও স্থানীয়দের সহযোগিতায় পরিবারের কাছে ফিরেছেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে ঝিনাইগাতী বাজারে রহিমা বেগমকে পাওয়া যায়। বিষয়টি জানতে পেরে তাঁর পাশে দাঁড়ান ঝিনাইগাতী থানার উপপরিদর্শক (এসআই) কানাই লাল চক্রবর্তী। বৃদ্ধার পরিচয় শনাক্ত করে পরিবারের কাছে ফিরিয়ে দিতে উদ্যোগ নেন তিনি।

প্রথমে রহিমা বেগমের কাছ থেকে তাঁর দুই ছেলের নাম ও নিজ উপজেলার তথ্য পাওয়া যায়। তবে গ্রামের নাম মনে করতে না পারায় পরিবারের সন্ধান পাওয়া কঠিন হয়ে পড়ে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ছবি ও পরিচয় প্রকাশ করে স্বজনদের খোঁজ করা হয়।এ কাজে বিভিন্ন ব্যক্তি ও সংবাদকর্মীরা সহযোগিতা করেন। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় একপর্যায়ে পরিবারের সন্ধান পাওয়া যায়।

রহিমা বেগম ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের হলদিগ্রাম (গারোকোনা) এলাকার মৃত ফজল হকের স্ত্রী। পরিচয় নিশ্চিত হওয়ার পর এসআই কানাই লাল চক্রবর্তী নিজেই তাঁকে বাড়িতে নিয়ে যান এবং সন্তানদের কাছে বুঝিয়ে দেন।

এসআই কানাই লাল চক্রবর্তী বলেন, ‘বৃদ্ধা নিজের বাড়ির ঠিকানা মনে করতে পারছিলেন না। বিভিন্ন ব্যক্তি ও সংবাদকর্মী তাঁর পরিচয় শনাক্ত করতে সহযোগিতা করেছেন। সবার সহযোগিতায় তাঁকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে। এ জন্য ঝিনাইগাতী থানা পুলিশের পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’

রহিমা বেগমের ছেলে রনি বলেন, ‘মাকে হারিয়ে আমরা খুব দুশ্চিন্তায় ছিলাম। তাঁকে খুঁজে পাওয়ার পর যাঁরা আমাদের খবর দিয়েছেন এবং মাকে বাড়িতে ফিরিয়ে দিতে সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি আমরা কৃতজ্ঞ। বিশেষ করে কানাই লাল চক্রবর্তীর প্রতি আমাদের পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। তাঁর মানবিক উদ্যোগেই আমরা মাকে ফিরে পেয়েছি।’

স্থানীয় স্বেচ্ছাসেবী আতিকুর রহমান খান বলেন, ‘একজন অসহায় বৃদ্ধা নিজের বাড়ির ঠিকানা মনে করতে পারছিলেন না। তাঁর বাড়ির ঠিকানা খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগটি নিঃসন্দেহে মহৎ কাজ। এ ঘটনার মধ্য দিয়ে পুলিশের মানবিক একটি দিকও সামনে এসেছে।’

অবশেষে মাকে ফিরে পেয়ে স্বস্তি ফিরেছে রহিমা বেগমের সন্তানদের মধ্যে। একজন পথহারা বৃদ্ধাকে স্বজনদের কাছে ফিরিয়ে দিতে পুলিশ, সংবাদকর্মী ও স্থানীয়দের সম্মিলিত উদ্যোগে মানবিকতার একটি দৃষ্টান্ত তৈরি হয়েছে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 57 বার

স্টাফ রিপোর্টার

অভিজ্ঞ সাংবাদিক, Sherpur Barta

এই সাংবাদিকের মোট খবর: 172 টি

মন্তব্য করুন