Advertisement
মঙ্গলবার, 24 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

পর্যটনের নতুন দিগন্ত খুলতে পারে ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে

পর্যটনের নতুন দিগন্ত খুলতে পারে ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে
News Banner

দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে আছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম রোপওয়েগুলোর একটি ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে। প্রায় ১৯ কিলোমিটার দীর্ঘ এই রোপওয়েটি সংস্কার করে আধুনিক ক্যাবল কার চালু করা গেলে সিলেট অঞ্চলের পর্যটনশিল্পে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে। নদী, টিলা, হাওর ও মেঘালয়ের নীল পাহাড়ের অপরূপ সৌন্দর্য উপভোগের সুযোগ তৈরি হলে এটি হয়ে উঠতে পারে দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণীয় গন্তব্য।

স্থানীয় অভিজ্ঞ মহলের মতে, পাথর পরিবহনের কাজে বর্তমানে রোপওয়েটির প্রয়োজনীয়তা কমে যাওয়ায় এটিকে পর্যটনবান্ধব ক্যাবল কার ব্যবস্থায় রূপান্তরের উদ্যোগ নেওয়া যেতে পারে। এতে একদিকে অব্যবহৃত সরকারি সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত হবে, অন্যদিকে কর্মসংস্থান ও রাজস্ব আয়ের নতুন সুযোগ সৃষ্টি হবে।

বাংলাদেশ রেলওয়ের মালিকানাধীন ছাতক-ভোলাগঞ্জ রোপওয়েটির নির্মাণকাজ শুরু হয় ১৯৬৪ সালে, তৎকালীন পাকিস্তান সরকারের আমলে। ১৯৭০ সালে নির্মাণকাজ শেষ হওয়ার পর রেললাইনে ব্যবহারের পাথর দ্রুত ও তুলনামূলক কম খরচে পরিবহনের জন্য এটি চালু করা হয়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্ত হওয়ার পর রোপওয়েটি পুনরায় সংস্কার করা হয়। দীর্ঘদিন সচল থাকার পর ২০১৩ সালের ৩১ ডিসেম্বর এটি বন্ধ হয়ে যায়।

রোপওয়ে অফিসের সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, প্রায় ১৯ কিলোমিটার দীর্ঘ এই রোপওয়েতে রয়েছে ১২০টি ট্রেসেল বা খুঁটি। চারটি স্টেশন হলো—ছাতক, অ্যাঙ্গেল-১, অ্যাঙ্গেল-২ ও ভোলাগঞ্জ। এতে বাকেটের সংখ্যা ৪২৫টি। ২০১৩ সালের ডিসেম্বর পর্যন্ত ২৪৬টি বাকেট সচল ছিল। প্রতিটি বাকেটের ধারণক্ষমতা ১২ দশমিক ৯২ ঘনফুট বা প্রায় ৬০০ কেজি। রোপওয়েটির বার্ষিক পাথর পরিবহনক্ষমতা ছিল প্রায় ১২ লাখ ঘনফুট।

দীর্ঘদিন বন্ধ থাকায় রোপওয়েটির অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিভিন্ন স্থানে ট্রেসেল হেলে পড়েছে, তার ছিঁড়ে একাধিক বাকেট মাটিতে পড়ে গেছে। ফলে সময়মতো সংস্কার ও কার্যকর উদ্যোগ না নিলে বিপুল অর্থ ব্যয়ে নির্মিত এই সরকারি স্থাপনা আরও ক্ষতির মুখে পড়তে পারে।

এদিকে, ২০১৭ সালের ১৪ নভেম্বর ছাতকের প্রাইম সিমেন্ট লিমিটেড কর্তৃপক্ষ পাথর পরিবহনের সুবিধার্থে রোপওয়ের যন্ত্রপাতি ও পাথর কোয়ারির জমিসহ ৫০ বছরের জন্য লিজ নেওয়ার আবেদন করে বলে একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। তবে রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে করা ওই আবেদন শেষ পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগে রূপ নেয়নি।

স্থানীয় অভিজ্ঞ মহলের প্রস্তাব, রোপওয়েটি সংস্কার করে আধুনিক ক্যাবল কার চালুর মাধ্যমে পর্যটন খাতে ব্যবহার করা যেতে পারে। তাঁদের মতে, সর্বনিম্ন প্রায় ২০ ফুট থেকে সর্বোচ্চ ১৬৭ ফুট উচ্চতার ট্রেসেলের ওপর দিয়ে ১৯ কিলোমিটার দীর্ঘ এই যাত্রাপথ পর্যটকদের জন্য হতে পারে ব্যতিক্রমী অভিজ্ঞতা। নদী, টিলা ও হাওরের ওপর দিয়ে ভোলাগঞ্জের সাদা পাথর এবং মেঘালয়ের নীল পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সুযোগ পর্যটকদের আকৃষ্ট করতে পারে।

এমন উদ্যোগ বাস্তবায়িত হলে ছাতক ও ভোলাগঞ্জের মধ্যে পর্যটন যোগাযোগ আরও সহজ হওয়ার পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়তে পারে। পর্যটকদের আনাগোনা বাড়লে দুই এলাকায় হোটেল, মোটেল, রিসোর্ট, রেস্টুরেন্ট, মার্কেট ও বিনোদনকেন্দ্র গড়ে ওঠার সুযোগ সৃষ্টি হবে। এর মাধ্যমে স্থানীয় তরুণদের কর্মসংস্থান এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনাও তৈরি হবে।

একই সঙ্গে মুক্তিযুদ্ধের ৫ নম্বর সেক্টরের হেডকোয়ার্টার বাঁশতলা (হকনগর) এলাকায় উন্নত যোগাযোগব্যবস্থা ও পর্যটনসুবিধা গড়ে তোলার ওপরও গুরুত্ব দিচ্ছেন স্থানীয়রা। তাঁদের মতে, ছাতক-ভোলাগঞ্জ রোপওয়েকে পর্যটনকেন্দ্রিকভাবে ব্যবহার করা গেলে বাঁশতলাকেও বৃহত্তর পর্যটন পরিকল্পনার সঙ্গে যুক্ত করা সম্ভব।

ছাতক সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, বিএনপি নেতা আব্দুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাজকুর পাবেল, বিএনপি নেতা আবু হুরায়রা ছুরত, সামছুর রহমান সামছু, জসিম উদ্দিন সুমেন, সামসুর রহমান বাবুল, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মুহিবুর রহমান, আইনজীবী রেজাউল করিম তালুকদার, কামাল ও আব্দুস সালাম এবং সিলেটস্থ ছাতক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেনসহ স্থানীয় বিশিষ্টজনেরা রোপওয়েটি পর্যটন খাতে ব্যবহারের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।

তাঁদের ভাষ্য, অবহেলা ও অযত্নে সরকারি কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হচ্ছে। রেলওয়ের কাছ থেকে লিজ নিয়ে অথবা সরকারি-বেসরকারি অংশীদারত্বের ভিত্তিতে রোপওয়েটি পর্যটন খাতে ব্যবহার করা গেলে এটি একটি সম্ভাবনাময় ও লাভজনক প্রকল্পে পরিণত হতে পারে। একই সঙ্গে সরকারের রাজস্ব আয় বাড়বে এবং স্থানীয় অর্থনীতিও গতিশীল হবে।

এ জন্য দ্রুত সম্ভাব্যতা যাচাই, অবকাঠামোর কারিগরি পরীক্ষা, নিরাপত্তা মূল্যায়ন ও প্রয়োজনীয় সংস্কার পরিকল্পনা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা। পাশাপাশি সরকারি উদ্যোগের সঙ্গে স্থানীয় ও প্রবাসী বিনিয়োগকারীদের সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করেছেন।

সংশ্লিষ্টদের মতে, পরিকল্পিত বিনিয়োগ ও যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে পরিত্যক্ত ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে একদিন সিলেট অঞ্চলের অন্যতম আকর্ষণীয় পর্যটন অবকাঠামো হয়ে উঠতে পারে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 3 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 631 টি

মন্তব্য করুন