দেশে ডায়াবেটিসের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় পূর্ণাঙ্গ জাতীয় জরিপ ও কার্যকর স্ক্রিনিং কর্মসূচি চালুর ওপর গুরুত্ব দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। একই সঙ্গে উপজেলা পর্যায়ের অসংক্রামক রোগ (এনসিডি) কর্নার শক্তিশালী করতে ওষুধের বরাদ্দ ৩০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩ থেকে ৫ হাজার কোটি টাকা করার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ধারা নিউজ আয়োজিত ‘ডায়াবেটিস মোকাবিলায় আমরা কতটা প্রস্তুত’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, দেশে বর্তমানে প্রায় ১ কোটি ৩৯ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। যথাযথ উদ্যোগ না নিলে ২০৫০ সালের মধ্যে এ সংখ্যা বেড়ে প্রায় ২ কোটি ৬১ লাখ হতে পারে। আক্রান্তদের প্রায় ৪০ শতাংশই নিজেদের রোগ সম্পর্কে জানেন না। অন্যদিকে মাত্র ২০ শতাংশের ডায়াবেটিস নিয়ন্ত্রণে রয়েছে।
তিনি বলেন, ডায়াবেটিসের প্রকৃত চিত্র ও এর কারণে সৃষ্ট অন্ধত্ব, কিডনি ও স্নায়ুর জটিলতা সম্পর্কে সুনির্দিষ্ট জাতীয় তথ্য নেই। তাই বৈশ্বিক মানদণ্ড অনুসরণ করে জরিপের মাধ্যমে নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ এবং সে অনুযায়ী নীতিনির্ধারণ প্রয়োজন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও জানান, চিকিৎসাকেন্দ্রিক ব্যবস্থার পরিবর্তে রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সুরক্ষাভিত্তিক ব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে ২০ থেকে ২৫টি নির্বাচিত উপজেলায় সমন্বিত পাইলট প্রকল্প চালুর পরিকল্পনা রয়েছে।পাশাপাশি অন্তত চারটি বিভাগীয় শহরে নারীদের ক্যানসার, ডায়াবেটিস ও কিডনি রোগের সমন্বিত চিকিৎসায় বিশেষায়িত ‘উইমেনস হেলথ ইনস্টিটিউট’ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।
ধারা নিউজের সম্পাদক খায়রুল বাশার শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন চিকিৎসা, পুষ্টি ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বক্তব্য দেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটির এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহজাদা সেলিম।
মন্তব্য করুন