Advertisement
রবিবার, 22 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

ইরাকে বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ আগুন, নিহত ৪

ইরাকে বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ আগুন, নিহত ৪
News Banner

দক্ষিণ ইরাকের একটি তাপবিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৫ জন। শনিবার (২১ নভেম্বর) ভোরে বসরা শহরের উত্তরে অবস্থিত আল-হারথা তাপবিদ্যুৎকেন্দ্রে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ইরাকের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএর বরাতে জানা গেছে, বিদ্যুৎকেন্দ্রটিতে লাগা আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি বাড়িতে। পরে দেশটির সিভিল ডিফেন্স বিভাগ দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডে আহত ব্যক্তিদের কেউ দগ্ধ হয়েছেন, আবার কেউ ধোঁয়ার কারণে শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক সমস্যায় পড়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

অগ্নিকাণ্ডের পর বিদ্যুৎকেন্দ্রটির কার্যক্রম বন্ধ রাখতে হয়েছে। ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনক্ষমতার এই কেন্দ্রটি দক্ষিণ ইরাকের বিদ্যুৎ অবকাঠামোর গুরুত্বপূর্ণ অংশ। তবে আগুন লাগার কারণ এবং বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহে এর প্রভাব সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

রয়টার্সের তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডের আগে কেন্দ্রটি থেকে প্রায় ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছিল। ফলে কেন্দ্রটির কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহে কী ধরনের প্রভাব পড়তে পারে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিদ্যুৎকেন্দ্র থেকে ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। এ ছাড়া অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া গাড়ি এবং উদ্ধারকাজ দেখতে ঘটনাস্থলে মানুষের ভিড়ের দৃশ্যও দেখা যায়।

উল্লেখ্য, ইরাকের বিদ্যুৎ খাত দীর্ঘদিন ধরে অবকাঠামোগত দুর্বলতা, অপর্যাপ্ত বিনিয়োগ ও রক্ষণাবেক্ষণের অভাবে নানা সংকটের মুখে রয়েছে। এর আগেও দেশটির বিভিন্ন বিদ্যুৎকেন্দ্র ও সাবস্টেশনে অগ্নিকাণ্ড এবং কারিগরি ত্রুটির কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে।

সূত্র: রয়টার্স ও আলজাজিরা।

এই সংবাদটি পঠিত হয়েছে: 16 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 624 টি

মন্তব্য করুন