নাচ-গান, ঐতিহ্যবাহী পোশাক, ধর্মীয় আচার-অনুষ্ঠান আর নানা সাংস্কৃতিক আয়োজনে উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে গারো সম্প্রদায়ের অন্যতম বৃহৎ সামাজিক ও সাংস্কৃতিক উৎসব ওয়ানগালা। শস্যদেবতা মিসি সালজংয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং নতুন ফসল ঘরে তোলার আনন্দে শেরপুরের ঝিনাইগাতীতে তিন দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়।
গতকাল রোববার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার মরিয়মনগর উচ্চবিদ্যালয় মাঠে উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি হয়। এর আগে শুক্রবার বেলা ১১টায় মরিয়মনগর ক্রিশ্চিয়ান মিশনের উদ্যোগে উৎসবের উদ্বোধন করেন ঢাকা মহা ধর্মপ্রদেশের আর্চবিশপ বিজয় এন.ডি. ক্রুশ, ওএমআই।
উৎসবের দ্বিতীয় দিন শনিবার সন্ধ্যায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। এতে সভাপতিত্ব করেন মরিয়মনগর মিশনের পালপুরোহিত ফাদার লরেন্স রিবেরু।
আলোচনা সভায় বক্তব্য দেন ঢাকা মহা ধর্মপ্রদেশের আর্চবিশপ বিজয় এন.ডি. ক্রুশ, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শাহজাহান আকন্দ ও সদস্যসচিব মো. লুৎফর রহমান।
আয়োজক সূত্রে জানা গেছে, তিন দিনের উৎসবে শিশু-কিশোরদের গারো ভাষায় ছড়া আবৃত্তি, গান, নাচ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ ছাড়া ছিল মিস ওয়ানগালা প্রতিযোগিতা, ঐতিহ্যবাহী খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গারো শিল্পীদের ব্যান্ড সংগীত পরিবেশনা ও পুরস্কার বিতরণী।
উৎসবের অন্যতম আকর্ষণ ছিল গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ধর্মীয় ও সামাজিক আচার-অনুষ্ঠান। এর মধ্যে ছিল মান্দি ভাষায় বাণী পাঠ, খামালকে খুখুব ও থক্কা প্রদান, পবিত্র খ্রিস্টযাগ, প্রার্থনা এবং নকগাথা অনুষ্ঠান। শেষ দিনে গারো সম্প্রদায়ের সনাতনী সাংসারিক ধর্মবিশ্বাস অনুযায়ী ফসল কর্তনের প্রার্থনা বা থক্কা অনুষ্ঠিত হয়।
উৎসব ঘিরে বিদ্যালয় মাঠে বসে অস্থায়ী মেলা। সেখানে ঐতিহ্যবাহী পোশাক, খাবার, শিশুদের খেলনাসহ বিভিন্ন সামগ্রীর পসরা সাজিয়ে বসেন দোকানিরা। মেলায় স্থানীয় গারো সম্প্রদায়ের মানুষ ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার দর্শনার্থীদের উপস্থিতি ছিল।
গারো সম্প্রদায়ের কাছে ওয়ানগালা কেবল আনন্দ-উৎসব নয়, এটি তাঁদের জাতিগত পরিচয়, বিশ্বাস ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। ‘ওয়ানা’ শব্দের অর্থ দেবদেবীর দানের দ্রব্যসামগ্রী এবং ‘গালা’ অর্থ উৎসর্গ করা। নতুন ফসল ঘরে তোলার পর শস্যদেবতা মিসি সালজংয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং নতুন ফসল খাওয়ার অনুমতি প্রার্থনার মধ্য দিয়ে এ উৎসব উদ্যাপন করা হয়। এ কারণে ওয়ানগালাকে নবান্ন বা ধন্যবাদের উৎসবও বলা হয়। এটি ‘এক শ ঢোলের উৎসব’ নামেও পরিচিত।
গারোদের বিশ্বাস, শস্যদেবতা মিসি সালজংয়ের আশীর্বাদেই ফসলের ভালো ফলন হয়। তাই নতুন ফসল ঘরে তোলার পর তাঁর প্রতি কৃতজ্ঞতা জানাতে নাচ-গান ও নানা ধর্মীয় আচার পালন করেন তাঁরা। একই সঙ্গে পরিবার, সমাজ ও মণ্ডলীর মঙ্গল কামনা করা হয়।
মন্তব্য করুন