অর্থনৈতিক শুমারি ২০২৪-এর চূড়ান্ত জাতীয় প্রতিবেদনে উঠে এসেছে শেরপুর জেলার অর্থনৈতিক কর্মকাণ্ড, শিল্পপ্রতিষ্ঠান ও কর্মসংস্থানের চিত্র। শুমারির তথ্য অনুযায়ী, জেলায় বর্তমানে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ১ লাখ ৭ হাজার ৮৭৪টি। এসব ইউনিটে কর্মরত রয়েছেন ২ লাখ ৪ হাজার ৪২৩ জন।
রোববার (২২ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) শেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর চূড়ান্ত জাতীয় প্রতিবেদন প্রকাশসংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
সেমিনারে পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে জাতীয় প্রতিবেদন ও শেরপুর জেলার অর্থনৈতিক চিত্র তুলে ধরেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত) জয়শ্রী পাল।
উপস্থাপিত তথ্য অনুযায়ী, শেরপুরে মোট ১ লাখ ৭ হাজার ৮৭৪টি অর্থনৈতিক ইউনিটের মধ্যে স্থায়ী ইউনিট ৪৮ হাজার ৯১০টি, অস্থায়ী ২ হাজার ৯২৩টি এবং অর্থনৈতিক খানা ৫৬ হাজার ৪১টি।
এসব অর্থনৈতিক ইউনিটে নিয়োজিত ২ লাখ ৪ হাজার ৪২৩ জনের মধ্যে স্থায়ী জনবল ১ লাখ ৩৬ হাজার ৭৯০, অস্থায়ী ৩ হাজার ৬৮২ এবং অর্থনৈতিক খানায় নিয়োজিত ৬৩ হাজার ৯৫১ জন।
জাতীয় শিল্পনীতি ২০২২ অনুযায়ী, জেলায় বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান রয়েছে ৪২টি, মাঝারি ২২৪টি, ক্ষুদ্র ৩ হাজার ৯৯৬টি, মাইক্রো ৫১ হাজার ৩৪টি এবং কুটির শিল্প ৫২ হাজার ৫৭৮টি।
সেমিনারে জানানো হয়, ২০২৪ সালের অর্থনৈতিক শুমারিতে সারা দেশে মোট ১ কোটি ১৭ লাখ ২ হাজার ৭৯২টি অর্থনৈতিক ইউনিটের তথ্য পাওয়া গেছে। ২০১৩ সালের শুমারিতে এ সংখ্যা ছিল ৭৮ লাখ ১৮ হাজার ৫৬৫টি। সে হিসাবে ২০১৩ থেকে ২০২৪ সালের মধ্যে দেশে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা বেড়েছে ৪৯ দশমিক ৬৮ শতাংশ।
শুমারি পরিচালনায় সারা দেশে ৮৭ হাজার ৪১৯টি গণনা এলাকা (ইএ) গঠন করা হয়। প্রতিটি এলাকায় আনুমানিক ১৫০টি অর্থনৈতিক ইউনিট অন্তর্ভুক্ত করা হয়।মাঠপর্যায়ে তথ্য সংগ্রহে ৮৭ হাজার ৪১৯ জন গণনাকারী, ১৬ হাজার ৯৩৪ জন সুপারভাইজার, ২ হাজার ৫৭৭ জন জোনাল অফিসার এবং ২ হাজার ৫৭৭ জন আইসিটি সুপারভাইজার দায়িত্ব পালন করেন। এ ছাড়া বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সমন্বয়কারীরাও এ কার্যক্রমে যুক্ত ছিলেন।
সেমিনারে শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানের নির্ভুল তালিকা প্রণয়ন, নিয়মিত তথ্য হালনাগাদ এবং এসব প্রতিষ্ঠানের কার্যক্রমের গতিপ্রকৃতি পর্যবেক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে এন্টারপ্রাইজ ও এস্টাবলিশমেন্টের মধ্যে ‘প্যারেন্ট-চাইল্ড রিলেশনশিপ’ চিহ্নিত করার লক্ষ্যে চলমান স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার জরিপে ব্যবসায়ী ফোরাম ও সংশ্লিষ্ট অংশীজনদের সহযোগিতা কামনা করা হয়।
সেমিনালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক খাজা মো. জিয়াউল হক, জেলা সিভিল সার্জন ডা. মো. শাহীন, জেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ, জেলা পানিসম্পদ কর্মকর্তা ডা. রেজওয়ানুল হক ভূঁইয়া, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
মন্তব্য করুন