ভূমিসেবার ডিজিটালাইজেশন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি জনবান্ধব ভূমি প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে শেরপুরে আধুনিক ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে উপজেলা ভূমি অফিস, শেরপুর সদর আয়োজিত ‘আধুনিক ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কোর্স-২০২৬’ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন প্রধান অতিথি ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) মোহাং শওকত রশীদ চৌধুরী। এতে সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন।
প্রশিক্ষণে আধুনিক ভূমি ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে ছিল ভূমিসেবার ডিজিটালাইজেশন, ই-নামজারি, ভূমি উন্নয়ন কর আদায়, খতিয়ান ও রেকর্ড ব্যবস্থাপনা, ভূমি অধিগ্রহণ ও বন্দোবস্ত, জালিয়াতি প্রতিরোধ, সরকারি খাসজমি ব্যবস্থাপনা এবং ভূমিসংক্রান্ত বিরোধ নিষ্পত্তি।
এ সময় ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা, প্রযুক্তির কার্যকর ব্যবহার এবং সাধারণ মানুষের জন্য সহজ ও জনবান্ধব সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বাড়বে। পাশাপাশি ভূমিসেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের ভোগান্তি কমিয়ে দ্রুত ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করা সম্ভব হবে।
তাঁদের মতে, এ ধরনের প্রশিক্ষণ আধুনিক, দক্ষ ও জনবান্ধব ভূমি প্রশাসন গড়ে তোলার পাশাপাশি ভূমিসেবা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।
মন্তব্য করুন