Advertisement
রবিবার, 22 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

এসএসসির ১১ বিষয়ে নম্বর জালিয়াতি, গ্রেপ্তার ৩

এসএসসির ১১ বিষয়ে নম্বর জালিয়াতি, গ্রেপ্তার ৩
News Banner

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে জালিয়াতির অভিযোগে চট্টগ্রামে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এক পরীক্ষার্থীর ১১টি বিষয়ের নম্বর পরিবর্তন করে ফলাফল বাড়িয়ে দেওয়ার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় জালিয়াতির কাজে ব্যবহৃত কম্পিউটার, ওএমআর শিট, মোবাইল ফোন, মূল উত্তরপত্রসহ ৪৮০ পৃষ্ঠার গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) সিআইডির পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সিআইডি জানায়, গত ১৮ নভেম্বর রাত ১০টার দিকে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানা এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন ফরহাদুল ইসলাম (২৯), শাহিদুল আলম জিসান (২৭) ও মো. আব্দুল মালেক (৫৬)।

তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এক পরীক্ষার্থীর ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল জালিয়াতির মাধ্যমে পরিবর্তন করা হয়। ওই পরীক্ষার্থীর মূল উত্তরপত্রে পাওয়া নম্বর, ই-টাইপে সংরক্ষিত নম্বর এবং প্রকাশিত ফলাফলের মধ্যে ব্যাপক অসংগতি পাওয়া যায়। মূল উত্তরপত্রের নম্বরের তুলনায় প্রকাশিত ফলে ১১টি বিষয়ে অস্বাভাবিকভাবে বেশি নম্বর দেখানো হয়েছিল।

তদন্তে দেখা যায়, বাংলা প্রথম পত্রে মূল নম্বর ২৩ হলেও প্রকাশিত ফলে দেখানো হয় ৩৩। বাংলা দ্বিতীয় পত্রে ২৪-এর বিপরীতে ৬২, ইংরেজি প্রথম পত্রে ৩৩-এর বিপরীতে ৮৩, ইংরেজি দ্বিতীয় পত্রে ২০-এর বিপরীতে ৮২ এবং গণিতে ৯-এর বিপরীতে ৬৬ নম্বর দেখানো হয়।

এ ছাড়া ইসলাম শিক্ষায় ৭-এর বিপরীতে ৬৪, উচ্চতর গণিতে শূন্যের বিপরীতে ৪৬, পদার্থবিজ্ঞানে শূন্যের বিপরীতে ৪৫, রসায়নে ১-এর বিপরীতে ৪৬, জীববিজ্ঞানে ১-এর বিপরীতে ৪৬ এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে ৪-এর বিপরীতে ৬৫ নম্বর দেখানো হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটি মূল উত্তরপত্র, নম্বরপত্র, ই-টাইপে সংরক্ষিত তথ্য এবং প্রকাশিত ফলাফল যাচাই করে নম্বর জালিয়াতির বিষয়টি শনাক্ত করে। পরে ওই পরীক্ষার্থীর ফলাফল স্থগিত করা হয় এবং তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।পরীক্ষার্থীর পক্ষ থেকে জবাব দেওয়া হলেও তা সন্তোষজনক না হওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয় শিক্ষা বোর্ড।

এ ঘটনায় শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে গত ২৯ অক্টোবর পাঁচলাইশ থানায় মামলা করা হয়। মামলায় দণ্ডবিধির ৪২০, ৪৬৫, ৪৬৬, ৪৬৭, ৪৬৮, ৪৭১, ৪৭৭(ক) ও ৩৪ ধারার পাশাপাশি পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০-এর ৫, ৬, ১২ ও ১৩ ধারায় অভিযোগ আনা হয়েছে।

সিআইডি জানায়, পরীক্ষার ফলাফল প্রস্তুতের স্ক্যানিং ও সলভিং কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের তত্ত্বাবধানে এই জালিয়াতি সংঘটিত হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। তদন্তভার গ্রহণের পর শিক্ষা বোর্ডের তদন্ত প্রতিবেদন, ফলাফল প্রস্তুতের কারিগরি তথ্য-উপাত্ত এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা বিশ্লেষণ করে সিআইডি।

গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তি, সহযোগী ও নেপথ্যের পরিকল্পনাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। ফলাফল জালিয়াতির মাধ্যমে কেউ অবৈধ সুবিধা নিয়েছে কি না, তাও খতিয়ে দেখছে তদন্ত সংস্থা। এ ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনতে তদন্ত ও আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 10 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 624 টি

মন্তব্য করুন