বাংলাদেশের সমুদ্রসীমার নিরাপত্তা জোরদার এবং কোস্ট গার্ডের অপারেশনাল সক্ষমতা বাড়াতে ইতালির সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ লক্ষ্যে বাংলাদেশ ও ইতালির কোস্ট গার্ডের মধ্যে প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা, জাহাজ সংগ্রহ এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে সফররত ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট ভাইস অ্যাডমিরাল সার্জিও লিয়ার্দো (Vice Admiral Sergio Liardo) সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এসব বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ইতালির মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বঙ্গোপসাগরে বাংলাদেশের বিশাল সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধ এবং সামুদ্রিক অপরাধ দমনে বাংলাদেশ কোস্ট গার্ড নিরলসভাবে কাজ করছে।
তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ডের সক্ষমতা বৃদ্ধিতে ইতালি সরকারের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ইতালীয় নৌবাহিনীর চারটি মিনার্ভা ক্লাস কর্ভেট জাহাজ সংস্কার করে বাংলাদেশ কোস্ট গার্ডকে হস্তান্তরের জন্য ইতালি সরকারকে ধন্যবাদ জানান তিনি। বর্তমানে অফশোর প্যাট্রোল ভেসেল (ওপিভি) হিসেবে ব্যবহৃত জাহাজগুলো বঙ্গোপসাগরে নজরদারি ও টহল কার্যক্রমকে আরও শক্তিশালী করেছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।
বৈঠকে বাংলাদেশ কোস্ট গার্ডের গভীর সমুদ্রে টহল সক্ষমতা বাড়াতে ভবিষ্যতে অফশোর ও কোস্টাল প্যাট্রোল ভেসেল জি-টু-জি (সরকার থেকে সরকার) পদ্ধতিতে সংগ্রহের বিষয়ে আলোচনা হয়। এ ক্ষেত্রে স্বচ্ছতা ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়া অনুসরণের ওপর গুরুত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি দুই দেশের কোস্ট গার্ডের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের সম্ভাবনাও আলোচনায় আসে।
প্রশিক্ষণ ও পেশাগত দক্ষতা উন্নয়নের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশ কোস্ট গার্ড সম্প্রতি দেশি-বিদেশি সাতটি বন্ধুপ্রতিম দেশের কর্মকর্তাদের অংশগ্রহণে ‘ব্রাউন ওয়াটার অপারেশন (বিডব্লিউও) এবং মানবপাচার প্রতিরোধ (এএইচটি) কোর্স-২০২৬’ সম্পন্ন করেছে। আগামী বছর এ প্রশিক্ষণে ইতালির কোস্ট গার্ডের কর্মকর্তাদের অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হবে।
এ ছাড়া বাংলাদেশ কোস্ট গার্ডের কর্মকর্তাদের জন্য ইতালিতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান (সার্চ অ্যান্ড রেসকিউ), জাহাজে তল্লাশি ও জব্দ অভিযান (ভিবিএসএস), ড্রোন পরিচালনা এবং সামুদ্রিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ ও তথ্য বিশ্লেষণ বিষয়ে বিশেষায়িত প্রশিক্ষণের সহযোগিতা চান মন্ত্রী।
জবাবে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট ভাইস অ্যাডমিরাল সার্জিও লিয়ার্দো বাংলাদেশ কোস্ট গার্ডের পেশাদারিত্বের প্রশংসা করেন। সামুদ্রিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, মহাকাশ ও আকাশপ্রযুক্তি, অনুসন্ধান ও উদ্ধার অভিযান এবং জলদস্যুতা দমনে ইতালির অভিজ্ঞতা ও কারিগরি সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন তিনি।
এ সময় দুই দেশের কোস্ট গার্ডের মধ্যে নিয়মিত যৌথ মহড়া, সেমিনার ও পেশাগত অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সক্ষমতা বাড়ানোর বিষয়েও একমত হন উভয় পক্ষ।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও বহিরাগমন) ড. জিয়াউদ্দিন আহমেদ, রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খানসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ কোস্ট গার্ড ও ইতালীয় প্রতিনিধিদলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন