শেরপুরের শ্রীবরদীতে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ইসমাইল ওরফে নিদানু (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন।
রোববার (২২ নভেম্বর) দুপুরে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের ভুতনিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইসমাইল ওই গ্রামের সুজা উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হামিদ ও সুলায়মানের সঙ্গে সুজা উদ্দিনের পরিবারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। রোববার সকালে হামিদ ও সুলায়মানসহ কয়েকজন বিরোধপূর্ণ জমি দখল করতে গেলে ইসমাইল ও তাঁর স্বজনেরা বাঁধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে হামিদ ও সুলায়মানের পক্ষের লোকজন ইসমাইলকে মারধর করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ওই ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ বলেন, নিহতের মরদেহ থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন