Advertisement
রবিবার, 22 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

ব্রাজিলে শক্তিশালী ঝড়ে ৩ জনের মৃত্যু

ব্রাজিলে শক্তিশালী ঝড়ে ৩ জনের মৃত্যু
News Banner

ব্রাজিলের দক্ষিণাঞ্চলে শক্তিশালী ঝড় ও প্রবল বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় পাঁচ হাজার ঘরবাড়ি। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়েছেন কি না, তা খতিয়ে দেখতে উদ্ধার অভিযান চালাচ্ছে কর্তৃপক্ষ।

শনিবার (২১ নভেম্বর) প্রকাশিত এএফপির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার (২০ নভেম্বর) ভোরে ব্রাজিলের রিও গ্রান্দে দো সুল অঙ্গরাজ্যের তুপানসিরিটা শহরে প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া আঘাত হানে। প্রায় ২০ হাজার মানুষের বসবাসের শহরটিতে ঝড়ের তাণ্ডবে বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়। উপড়ে পড়ে প্রায় ১০০টি গাছ। গাছ পড়ে শহরের বিভিন্ন সড়ক ও হাসপাতালে যাতায়াতের পথ বন্ধ হয়ে যায়।

তুপানসিরিটার মেয়র গুস্তাভো হার্টার স্থানীয় গণমাধ্যমকে বলেন, এমন দৃশ্য আগে কখনো দেখেননি তিনি। পুরো পরিস্থিতি যেন সিনেমার দৃশ্যের মতো। হাসপাতালের চারপাশে গাছ পড়ে যাওয়ায় চলাচলের পথ বন্ধ হয়ে যায়। হাসপাতালের ছাদও ভেঙে পড়ে। পরে ১১ জন রোগীকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়।

মেয়র জানান, শুক্রবার ভোর ৩টার দিকে ঝড়টি আঘাত হানে এবং এক ঘণ্টারও কম সময় স্থায়ী হয়। তবে এর মধ্যেই পুরো শহরের বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে।

রিও গ্রান্দে দো সুল অঙ্গরাজ্য সরকার জানিয়েছে, ঝড়ের পর তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তুপানসিরিটাসহ অঙ্গরাজ্যের আরও ৩২টি পৌর এলাকায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

এদিকে দুর্যোগ মোকাবিলা ও উদ্ধার কার্যক্রম জোরদার করতে ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি উদ্ধারকারী দল পাঠানোর নির্দেশ দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।

সিভিল ডিফেন্সের রাজ্য সমন্বয়কারী লুসিয়ানো বোইরা জানান, একটি পৌর এলাকায় অনুষ্ঠান চলাকালে ভবনের ছাদ ধসে পড়ার খবর পাওয়া গেছে।

আবহাওয়াবিদদের তথ্য অনুযায়ী, ঝড়ের সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১১৪ কিলোমিটারে পৌঁছেছিল। সিভিল ডিফেন্স ঝড়টিকে ‘সুপারসেল’ হিসেবে চিহ্নিত করেছে। এটি অত্যন্ত শক্তিশালী বজ্রঝড়, যা কখনো কখনো টর্নেডোর সৃষ্টি করতে পারে।

তুপানসিরিটা শহরে টর্নেডো আঘাত হানার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরিস্থিতি মোকাবিলায় ক্ষতিগ্রস্ত অঞ্চলের জন্য প্রায় ৩ লাখ ৩০ হাজার মার্কিন ডলার সমপরিমাণ অর্থ বরাদ্দ দিয়েছে রাজ্য কর্তৃপক্ষ।


সূত্র: এএফপি।

এই সংবাদটি পঠিত হয়েছে: 17 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 624 টি

মন্তব্য করুন