বাংলাদেশের বৈধ ভ্রমণকারী, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের জন্য ভিসা প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ করার আশ্বাস দিয়েছে কানাডা। পাশাপাশি বাংলাদেশের দক্ষ জনশক্তি নিয়োগ, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং সাইবার নিরাপত্তা খাতে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে দেশটি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্সের অ্যাসিস্ট্যান্ট ডেপুটি মিনিস্টার (ইন্দো-প্যাসিফিক) ওয়েলডন এপ (Weldon Epp)। এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও কানাডা দীর্ঘদিনের বন্ধু ও উন্নয়ন অংশীদার। দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও জোরদারের পাশাপাশি বাংলাদেশের দক্ষ জনশক্তির জন্য কানাডার শ্রমবাজার উন্মুক্ত করার আহ্বান জানান তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, নার্সিং, মেডিকেল টেকনোলজি, হোম কেয়ার, মেরিন ক্যাডেট ও হসপিটালিটি খাতে বাংলাদেশে বিপুলসংখ্যক প্রশিক্ষিত জনবল রয়েছে। কানাডা চাইলে নিজস্ব প্রশিক্ষক পাঠিয়ে অথবা যৌথ উদ্যোগে বিশেষায়িত প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠার মাধ্যমে তাদের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী তৈরি করা সম্ভব।
জবাবে ওয়েলডন এপ বলেন, কানাডার অভিবাসন নীতিতে ভারসাম্য আনার উদ্যোগ চললেও বাংলাদেশের মেধাবী শিক্ষার্থী ও দক্ষ পেশাজীবীদের স্বাগত জানাতে আগ্রহী দেশটি। বাংলাদেশের বৈধ ভ্রমণকারী, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের জন্য ভিসা প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ করার বিষয়েও আশ্বাস দেন তিনি। এ সময় কানাডার অর্থনীতিতে নার্স ও কেয়ারগিভারসহ বিভিন্ন পেশায় দক্ষ কর্মীর চাহিদা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ডের জন্য নদী ও উপকূলীয় টহল বোট এবং পুলিশের জন্য সাইবার নিরাপত্তা ও যোগাযোগ সরঞ্জাম সংগ্রহে কানাডার আধুনিক প্রযুক্তির প্রতি বাংলাদেশের আগ্রহের কথা জানান।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে কানাডার প্রতিনিধি জানান, অভিবাসন সংখ্যা সীমিত করার উদ্যোগের মধ্যেও বাংলাদেশ থেকে রোহিঙ্গা পুনর্বাসনের সংখ্যা বাড়িয়েছে কানাডা। পাশাপাশি সংকট সমাধানে আসিয়ানভুক্ত দেশগুলোকে আরও সক্রিয় ভূমিকা রাখার জন্য কাজ করছে দেশটি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে। তবে এ সংকটের স্থায়ী সমাধানে রোহিঙ্গাদের নাগরিকত্ব, নিরাপদ বসবাস ও জীবিকার নিশ্চয়তা দিয়ে স্বেচ্ছায় মিয়ানমারে প্রত্যাবাসনের পরিবেশ তৈরি করতে হবে। এ জন্য চীন, আসিয়ান ও আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারের ওপর চাপ বাড়ানোর আহ্বান জানান তিনি।
এ ছাড়া মিয়ানমারকেন্দ্রিক সাইবার প্রতারণা, মাদক ও মানব পাচারকে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হিসেবে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এসব অপরাধ প্রতিরোধে বাংলাদেশ, কানাডাসহ সংশ্লিষ্ট দেশগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বৈঠকে কানাডার হাইকমিশনার অজিত সিং, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, যুগ্মসচিব রেবেকা খান, কানাডার হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সেলর মার্কাস ডেভিস, হেড অব এইড সুজান কুইন, ট্রেড কমিশনার কামাল উদ্দিনসহ দুই দেশের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন