Advertisement
বুধবার, 25 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

প্রকৌশল শিক্ষার মান বিশ্বপর্যায়ে নিতে চায় সরকার

প্রকৌশল শিক্ষার মান বিশ্বপর্যায়ে নিতে চায় সরকার
News Banner

প্রকৌশল শিক্ষার মান বিশ্বপর্যায়ে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (২৫ নভেম্বর) ঢাকায় মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কাউন্সিলের ২৩তম সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, যুগের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে কাজ করছে সরকার।বিশ্ববিদ্যালয় কেবল সনদ বিতরণের প্রতিষ্ঠান নয়, বরং হতে হবে জ্ঞানচর্চা, গবেষণা ও উৎকর্ষের কেন্দ্র। শিক্ষা হতে হবে দক্ষতাভিত্তিক ও কর্মমুখী। সততা, নিষ্ঠা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উজ্জীবিত আগামী প্রজন্ম গড়ে তুলতে সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, বাংলাদেশকে আন্তর্জাতিক উচ্চশিক্ষার কেন্দ্রে পরিণত করার লক্ষ্যে কাজ চলছে। দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে উৎকর্ষের কেন্দ্রে রূপান্তরের পাশাপাশি বিদেশি শিক্ষার্থীদের জন্যও উচ্চশিক্ষার সুযোগ তৈরি করা হবে।

চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), বিগ ডাটা ও রোবটিক্সের মতো প্রযুক্তি খাতে জ্ঞানার্জন ও গবেষণার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, দেশকে চতুর্থ শিল্পবিপ্লবের পথে এগিয়ে নিতে এমআইএসটি অগ্রণী ভূমিকা রাখবে।

সভায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে শিক্ষামন্ত্রী এমআইএসটির স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন করেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 10 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 645 টি

মন্তব্য করুন