বাণিজ্য ঘাটতি কমানো, কর্মসংস্থান সৃষ্টি ও রপ্তানি বহুমুখীকরণের লক্ষ্যে বাংলাদেশে কারখানা স্থাপন ও উৎপাদন খাতে বিনিয়োগ বাড়াতে চীনা উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ।
বুধবার রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ও ঢাকাস্থ চীনা দূতাবাসের যৌথ উদ্যোগে আয়োজিত ‘২০২৬ ঢাকা ফোরাম অন বাংলাদেশ-চীন রিলেশনস’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমাতে শুধু আমদানি-রপ্তানির মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য সীমাবদ্ধ না রেখে যৌথ বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর ও উৎপাদন খাতে সহযোগিতা বাড়াতে হবে।
তিনি বলেন, চীনা উদ্যোক্তারা বাংলাদেশে কারখানা স্থাপন করে এ দেশের ভৌগোলিক অবস্থান, দক্ষ জনশক্তি ও বাজারসুবিধা কাজে লাগিয়ে আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বাজারে পণ্য রপ্তানি করতে পারেন। এতে কর্মসংস্থান সৃষ্টি ও রপ্তানি আয় বাড়ার পাশাপাশি দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে।
বাংলাদেশের রপ্তানি বাজারের চিত্র তুলে ধরে ইসমাইল জবিউল্লাহ বলেন, ২০২৫-২৬ অর্থবছরে দেশের মোট রপ্তানির প্রায় ৭৫ শতাংশ পশ্চিমা বাজারে এবং ১৮ দশমিক ৮৫ শতাংশ যুক্তরাষ্ট্রে গেলেও চীনে রপ্তানির পরিমাণ মাত্র ১ দশমিক ৭১ শতাংশ। এ বৈষম্য কমাতে উৎপাদন ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানো জরুরি।
এ ছাড়া সমুদ্রবন্দর আধুনিকায়ন, নতুন বন্দর অবকাঠামো নির্মাণ, চাঁদপুরকে লজিস্টিকস হাব হিসেবে গড়ে তোলা এবং বাংলাদেশ-চীনের যৌথ উদ্যোগে শিপিং ও লজিস্টিকস কোম্পানি প্রতিষ্ঠার প্রস্তাব দেন তিনি।
আঞ্চলিক যোগাযোগ জোরদারে চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোরের সম্ভাবনার কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, এ উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশের জাতীয় স্বার্থ সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।
রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে এবং মিয়ানমারের রাখাইন রাজ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চীনের গঠনমূলক কূটনৈতিক ভূমিকা প্রত্যাশা করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, জ্বালানি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও প্রযুক্তি খাতে দুই দেশের সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
সেমিনারে বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রহমানসহ বাংলাদেশ ও চীনের কূটনীতিক, সরকারি কর্মকর্তা, গবেষক, শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মী ও নীতিনির্ধারকেরা অংশ নেন।
মন্তব্য করুন