Advertisement
বুধবার, 25 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
News Banner

আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দলটি রাজনৈতিক দলের পরিচয় হারিয়ে কার্যক্রমের মাধ্যমে নিজেদের একটি সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত করেছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে গণহত্যা ও ক্ষমতাচ্যুতির পর আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ আর রাজনীতিতে গ্রহণ করবে না।

বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জার্মানির নাৎসি বাহিনীর মতো গণহত্যাকারী, ফ্যাসিস্ট ও মাফিয়া শক্তি পৃথিবীর কোথাও রাজনীতিতে ফিরে আসতে পারেনি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও বাংলাদেশে আর কখনো প্রত্যাবর্তন করতে বা গণতান্ত্রিক রাজনীতি করতে পারবে না।

পলাতক সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, একজন পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামি কীভাবে দেশে ফিরতে চান, তা গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। তবে প্রত্যর্পণ চুক্তি অনুসারেই তাঁর দেশে ফেরার বিষয়টি নিষ্পত্তি হতে পারে। এ বিষয়ে সরকার ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশকে কূটনৈতিক চিঠি দিয়েছে। দেশটি আইনানুগভাবে বিষয়টি পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

তিনি বলেন, কখনো নভেম্বর, কখনো ডিসেম্বর, আবার কখনো ১৬ ডিসেম্বর দেশে ফেরার কথা বলা হচ্ছে। এসব নিয়ে সরকারের কোনো উদ্বেগ বা চাপ নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় সতর্ক অবস্থানে রয়েছে।

সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, দেশের বাইরে অবস্থান করা আওয়ামী লীগের পলাতক নেতারা দেশে থাকা নেতা-কর্মীদের মশাল মিছিল, লকডাউন, শাটডাউন ও হরতালের মতো কর্মসূচি পালনের নির্দেশনা দিচ্ছেন। এসব নির্দেশনার মাধ্যমে তাঁরা নেতা-কর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন। দেশের মানুষ এ ধরনের অপতৎপরতা মেনে নেবে না।

তিনি আরও বলেন, অতীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্য ও কৌশলের সঙ্গে কোনো প্রাণহানি বা সম্পদহানি ছাড়াই এসব অপচেষ্টা নস্যাৎ করেছে। ভবিষ্যতে কেউ অগ্নিসন্ত্রাস, উগ্রবাদী কর্মকাণ্ড কিংবা জনগণের জানমালের ক্ষতি করার চেষ্টা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোথাও অস্থিরতা সৃষ্টির আশঙ্কা দেখা দিলে পুলিশের পাশাপাশি বিজিবিসহ অন্যান্য বাহিনী মোতায়েন করা নিয়মিত কার্যক্রমের অংশ। মহান বিজয় দিবস নির্বিঘ্নে উদযাপনের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার বিষয়ে তিনি বলেন, বিষয়টি চলমান বিচারিক প্রক্রিয়ার অংশ। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধন) আইন, ২০২৬ এবং সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুযায়ী মানবতাবিরোধী অপরাধে ব্যক্তির পাশাপাশি দল বা সংগঠনকেও বিচারের আওতায় আনার বিধান রয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ে প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।পাশাপাশি নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত রেখেছে।

গোপালগঞ্জে নাশকতা ও পুলিশের কয়েকজন কর্মকর্তার সম্পৃক্ততার বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রাজনৈতিক পক্ষপাতিত্ব বা ষড়যন্ত্রে জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কয়েকজন পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও বিভাগীয় মামলা হয়েছে। সম্প্রতি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাসিন্দা ও সেখানে কর্মরত একজন অতিরিক্ত পুলিশ সুপারকেও ক্লোজ করা হয়েছে।

গার্মেন্টস খাতে শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সম্মতি এবং মজুরি বোর্ডের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে। এতে প্রকৃত শ্রমিক ও মালিকরা সন্তুষ্ট। তবে গুজব ছড়িয়ে একটি মহল শ্রমিক অঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এর পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। একই সঙ্গে এসব ঘটনার পেছনে কারা ইন্ধন দিচ্ছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন। জোটগতভাবে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও আলোচনার পরিকল্পনা রয়েছে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 4 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 645 টি

মন্তব্য করুন