শিক্ষক নিয়োগে যোগ্য ও দক্ষ প্রার্থী বাছাইয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিয়োগ পরীক্ষাকে বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পরীক্ষার মানের করার পরিকল্পনা করছে সরকার। পাশাপাশি বিসিএস ও নন-ক্যাডার শিক্ষকদের মধ্যে বৈষম্য এবং আত্মীকরণসংক্রান্ত জটিলতা নিরসনেও কাজ চলছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) ২১২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষক নিয়োগে মান নিশ্চিত করতে এনটিআরসিএর নিয়োগ পরীক্ষাকে বিসিএস পরীক্ষার মানের করার বিষয়ে সরকার পরিকল্পনা করছে। একই সঙ্গে বিসিএস ও নন-ক্যাডার শিক্ষকদের মধ্যে বিদ্যমান বৈষম্য এবং আত্মীকরণসংক্রান্ত জটিলতা সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।
শিক্ষকতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শিক্ষকদের সবচেয়ে বড় সাফল্য হচ্ছে শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলা। অন্য কোনো পেশার সঙ্গে তুলনা না করে শিক্ষকতার মাধ্যমে সমাজ ও দেশের জন্য কী অবদান রাখা গেল, সেটিকে গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষকদের প্রশিক্ষণ শুধু প্রথাগত পদ্ধতিতে সীমাবদ্ধ রাখা যাবে না। প্রশিক্ষণে নতুনত্ব, সৃজনশীলতা, প্রযুক্তির ব্যবহার এবং বিষয়ভিত্তিক দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে। পাশাপাশি প্রশিক্ষণার্থীদের প্রত্যাশা ও প্রয়োজন বিবেচনায় নিয়ে প্রশিক্ষণ কার্যক্রম সাজাতে হবে।
অনুষ্ঠানে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির পরিচালক ড. আতিকুল ইসলাম পাঠান, পরিচালক অধ্যাপক মো. শাহজাহানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
এদিকে একই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করেন শিক্ষামন্ত্রী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক শিক্ষার্থী হিসেবে নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘কেমিস্ট্রি আমাকে শিখিয়েছে কীভাবে ভাবনার জগৎকে তুলে ধরতে হয়। এই বিভাগ আমাকে দিয়েছে অদম্য স্পৃহা। এখানে ভর্তি হয়ে জীবনে চলার পথে অনেক কিছু শিখেছি। কীভাবে নিজের কাজকে ভালোবাসতে হয়, সেই শিক্ষা পেয়েছি এই বিভাগ থেকে।’
তিনি বলেন, এ বিভাগ থেকে পাওয়া অনুপ্রেরণা নিয়ে দেশাত্মবোধ ও ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার প্রত্যয়ে কাজ করছেন তিনি। এ সময় সবাইকে দেশাত্মবোধ ও আন্তরিকতার সঙ্গে কাজ করে দেশ গড়ার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।
প্রখ্যাত রসায়নবিদ মুকাররম হোসেন খন্দকারকে স্মরণ করে তিনি বলেন, বিভাগের শিক্ষার্থীদের তাঁর আদর্শ ধারণ করে উৎকৃষ্ট মানের রসায়নবিদ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে।
রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফরিদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালাম এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন