ব্যবসা-বাণিজ্য মানুষের জীবিকা অর্জনের অন্যতম প্রধান মাধ্যম। ইসলাম ব্যবসাকে বৈধ উপার্জনের পথ হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে এ ক্ষেত্রে সততা, পারস্পরিক সম্মতি, ন্যায়বিচার ও ধর্মীয় অনুশাসন মেনে চলার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে পবিত্র আল-কোরআন। একই সঙ্গে সুদ, প্রতারণা, মাপে কম দেওয়া এবং অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাতের বিষয়ে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে।
আল-কোরআনে ব্যবসা-বাণিজ্য বোঝাতে ‘তিজারা’ শব্দটি ব্যবহৃত হয়েছে। এ ছাড়া ক্রয়-বিক্রয় ও আর্থিক লেনদেন বোঝাতে ‘বাই’ ও ‘শিরা’ শব্দের উল্লেখ রয়েছে। এসব শব্দের মাধ্যমে ব্যবসা-বাণিজ্যের বৈধতা, লেনদেনের নিয়ম এবং একজন মুমিনের জীবনে ধর্মীয় দায়িত্ব ও জীবিকার মধ্যে ভারসাম্য রক্ষার নির্দেশনা পাওয়া যায়।
ব্যবসা বৈধ, সুদ নিষিদ্ধ
ইসলামে ব্যবসা-বাণিজ্য বৈধ হলেও সুদকে নিষিদ্ধ করা হয়েছে। পবিত্র কোরআনের সুরা বাকারার ২৭৫ নম্বর আয়াতে বলা হয়েছে, ‘অথচ আল্লাহ ক্রয়-বিক্রয়কে হালাল ও সুদকে হারাম করেছেন।’
এই নির্দেশনা থেকে স্পষ্ট হয়, বৈধ পন্থায় ব্যবসা করে মুনাফা অর্জনে ইসলামে বাধা নেই। তবে উপার্জনের ক্ষেত্রে সুদ কিংবা অন্য কোনো নিষিদ্ধ পদ্ধতি অবলম্বন করা যাবে না।
পারস্পরিক সম্মতিতে লেনদেন
ব্যবসা-বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হলো ক্রেতা ও বিক্রেতার পারস্পরিক সম্মতি। কাউকে জোর করে কোনো পণ্য কেনা বা বিক্রি করতে বাধ্য করা ইসলামের নীতির সঙ্গে সংগতিপূর্ণ নয়।
সুরা নিসার ২৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ‘হে মুমিনরা! তোমরা একে অপরের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস কোরো না; কিন্তু তোমাদের পরস্পর রাজি হয়ে ব্যবসা করা বৈধ।’
অর্থাৎ ব্যবসায় উভয় পক্ষের সম্মতি নিশ্চিত করার পাশাপাশি অন্যায়ভাবে কারও সম্পদ আত্মসাৎ করা থেকে বিরত থাকতে হবে।
আর্থিক লেনদেন লিখে রাখার নির্দেশনা
ব্যবসা-বাণিজ্যে স্বচ্ছতা বজায় রাখতে আর্থিক লেনদেনের হিসাব সংরক্ষণ গুরুত্বপূর্ণ। বিশেষ করে বাকিতে পণ্য বিক্রি, ঋণ কিংবা নির্দিষ্ট সময় পর পরিশোধযোগ্য লেনদেনের ক্ষেত্রে লিখিত দলিল রাখার নির্দেশনা দিয়েছে ইসলাম।
সুরা বাকারার ২৮২ নম্বর আয়াতে নির্দিষ্ট মেয়াদের ঋণ লিখে রাখার কথা বলা হয়েছে। এ ক্ষেত্রে ন্যায়সংগতভাবে দলিল প্রস্তুত করা এবং লেখার সময় সততা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এই নির্দেশনা ব্যবসায়িক বিরোধ এড়ানো, দেনা-পাওনার হিসাব স্পষ্ট রাখা এবং উভয় পক্ষের অধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
মুনাফার লোভে প্রতারণা নয়
ব্যবসায় লাভ করা স্বাভাবিক। তবে অধিক মুনাফার আশায় পণ্যের ওজন কম দেওয়া, পরিমাপে কারচুপি করা কিংবা ক্রেতাকে ঠকানোর কোনো সুযোগ ইসলামে নেই।
সুরা মুতাফফিফিনের ১ থেকে ৪ নম্বর আয়াতে মাপে কম দেওয়া ব্যক্তিদের জন্য দুর্ভোগের কথা বলা হয়েছে। যারা অন্যের কাছ থেকে নেওয়ার সময় পূর্ণমাত্রায় নেয়, অথচ অন্যকে দেওয়ার সময় কম দেয়, তাদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
তাই ব্যবসায় নৈতিকতা বজায় রাখা, সঠিক ওজন নিশ্চিত করা এবং পণ্যের মান ও মূল্য সম্পর্কে ক্রেতাকে বিভ্রান্ত না করা একজন সৎ ব্যবসায়ীর দায়িত্ব।
জীবিকার সন্ধানে ভ্রমণ ও বাণিজ্য
জীবিকা অর্জনের জন্য ভ্রমণ এবং বিভিন্ন অঞ্চলের সঙ্গে ব্যবসায়িক যোগাযোগ স্থাপনের বিষয়টিও পবিত্র কোরআনে এসেছে। সুরা মুজ্জাম্মিলের ২০ নম্বর আয়াতে আল্লাহর অনুগ্রহ অনুসন্ধানে মানুষের দেশভ্রমণের কথা উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া সুরা ফাতিরের ১২ নম্বর আয়াতে সমুদ্রপথে নৌযান চলাচলের প্রসঙ্গ এসেছে। এতে মানুষের জীবিকা অনুসন্ধান ও আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের বিষয়টি তুলে ধরা হয়েছে।
এসব আয়াত জীবিকা অর্জনের বিভিন্ন মাধ্যম সম্পর্কে ভাবতে উৎসাহিত করে। তবে ব্যবসায় সফলতার জন্য সততা, দক্ষতা ও বাস্তব পরিস্থিতি বিবেচনা করাও গুরুত্বপূর্ণ।
ব্যবসায় সময় ও মৌসুমের গুরুত্ব
ব্যবসা-বাণিজ্যে সময় ও মৌসুমের প্রভাব রয়েছে। পবিত্র কোরআনের সুরা কুরাইশের প্রথম দুই আয়াতে কুরাইশদের শীত ও গ্রীষ্মকালীন সফরের কথা উল্লেখ করা হয়েছে।
তাফসিরবিদদের ব্যাখ্যা অনুযায়ী, কুরাইশরা বিভিন্ন মৌসুমে বাণিজ্যিক সফরে যেত। এ থেকে ব্যবসার ক্ষেত্রে সময়, বাজারের চাহিদা এবং উপযুক্ত মৌসুম বিবেচনার গুরুত্ব উপলব্ধি করা যায়।
ঈমান ও আমলও কল্যাণের বাণিজ্য
পবিত্র কোরআনে শুধু পার্থিব ব্যবসা নয়, ঈমান ও সৎকর্মের মাধ্যমেও কল্যাণ লাভের বিষয়টি বাণিজ্যের উপমায় তুলে ধরা হয়েছে।
সুরা সফের ১০ ও ১১ নম্বর আয়াতে মুমিনদের এমন এক বাণিজ্যের কথা বলা হয়েছে, যা তাদের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করবে। এতে আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন এবং আল্লাহর পথে সম্পদ ও জীবন দিয়ে প্রচেষ্টার কথা উল্লেখ রয়েছে।
এ থেকে বোঝা যায়, ইসলামের দৃষ্টিতে মানুষের জীবনে পার্থিব সাফল্যের পাশাপাশি আখিরাতের কল্যাণ অর্জনও গুরুত্বপূর্ণ।
ইবাদত ও ব্যবসার মধ্যে ভারসাম্য
ইসলাম ব্যবসা-বাণিজ্যকে বৈধতা দিলেও তা যেন ধর্মীয় দায়িত্ব পালনে বাধা হয়ে না দাঁড়ায়, সে বিষয়ে সতর্ক করেছে।
সুরা বাকারার ১৯৮ নম্বর আয়াতে হজের সময় আল্লাহর অনুগ্রহ অনুসন্ধানে কোনো পাপ নেই বলে উল্লেখ করা হয়েছে। এর মাধ্যমে ইবাদতের পাশাপাশি বৈধ উপার্জনের সুযোগের বিষয়টি স্পষ্ট হয়।
তবে সুরা জুমার ৯ নম্বর আয়াতে জুমার নামাজের আহ্বান জানানো হলে বেচাকেনা ছেড়ে আল্লাহর স্মরণে ধাবিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সুরার ১১ নম্বর আয়াতে ব্যবসা ও বিনোদনের আকর্ষণে ধর্মীয় দায়িত্ব অবহেলার বিষয়েও সতর্ক করা হয়েছে।
অর্থাৎ ব্যবসা-বাণিজ্য মানুষের জীবিকা অর্জনের গুরুত্বপূর্ণ মাধ্যম হলেও তা যেন ইবাদত ও ধর্মীয় দায়িত্ব পালনের অন্তরায় না হয়।
সততাই হোক ব্যবসার মূলনীতি
পবিত্র আল-কোরআনের নির্দেশনা অনুযায়ী, ব্যবসা-বাণিজ্যে বৈধ উপার্জন, পারস্পরিক সম্মতি, লিখিত হিসাব, সঠিক ওজন এবং প্রতারণামুক্ত লেনদেনের গুরুত্ব অপরিসীম। পাশাপাশি ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনার সময় ধর্মীয় দায়িত্ব ও নৈতিকতা বজায় রাখাও জরুরি।
একজন ব্যবসায়ী যখন সততা ও ন্যায়নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন, তখন তাঁর ব্যবসা শুধু জীবিকা অর্জনের মাধ্যমেই সীমাবদ্ধ থাকে না; বরং মানুষের অধিকার রক্ষা ও সমাজে পারস্পরিক আস্থা তৈরিতেও ভূমিকা রাখে।
মন্তব্য করুন