Advertisement
মঙ্গলবার, 22 সেপ্টেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

করপোরেট দুনিয়ায় যোগ দিলেন হাসান মাসুদ

করপোরেট দুনিয়ায় যোগ দিলেন হাসান মাসুদ
News Banner

সেনাবাহিনীর ইউনিফর্ম থেকে সাংবাদিকতার কলম, এরপর ক্যামেরার সামনে অভিনয়—পেশাজীবনে একাধিকবার পথ বদলেছেন অভিনেতা হাসান মাসুদ। প্রতিটি ক্ষেত্রেই নিজের দক্ষতা ও স্বাতন্ত্র্য দিয়ে তৈরি করেছেন আলাদা পরিচিতি। এবার তার বৈচিত্র্যময় কর্মজীবনে যুক্ত হলো আরও একটি নতুন অধ্যায়। অভিনয়ের পাশাপাশি করপোরেট দুনিয়ায় পেশাজীবী হিসেবে যাত্রা শুরু করেছেন তিনি।

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক শিক্ষার্থী পরামর্শক প্রতিষ্ঠান জেইন গ্লোবালে ‘হেড অব স্টুডেন্ট অ্যাকুইজিশন অ্যান্ড ব্র্যান্ড’ পদে যোগ দিয়েছেন হাসান মাসুদ। গত ১ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে নতুন দায়িত্বে কাজ শুরু করেছেন তিনি।

নতুন দায়িত্বে শিক্ষার্থীসেবা, ব্র্যান্ডিং ও যোগাযোগ কার্যক্রম নিয়ে কাজ করবেন এই অভিনেতা। বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের পরামর্শ ও সহযোগিতা দিয়ে থাকে জেইন গ্লোবাল।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১৪ বছর ধরে বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের পরামর্শ ও সহযোগিতা দিয়ে আসছে জেইন গ্লোবাল। হাসান মাসুদের দীর্ঘ পেশাগত অভিজ্ঞতা, যোগাযোগ দক্ষতা ও বহুমাত্রিক কর্মজীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আরও কার্যকর যোগাযোগ এবং সেবার মান উন্নয়নে কাজ করতে চায় প্রতিষ্ঠানটি।

হাসান মাসুদের কর্মজীবনের পথচলা বরাবরই ছিল গতানুগতিকতার বাইরে। বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরির মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন তিনি। পরবর্তী সময়ে সাংবাদিকতায় যুক্ত হন। সাংবাদিকতার পর অভিনয়ে এসে ছোট পর্দায় পরিচিতি পান এবং নিজের অভিনয়শৈলী ও ব্যক্তিত্ব দিয়ে দর্শকের কাছে আলাদা জায়গা করে নেন।

নাটক, বিজ্ঞাপন ও বিভিন্ন টেলিভিশন আয়োজনে নিয়মিত দেখা গেছে তাকে। অভিনয়ের পাশাপাশি লেখালেখি ও পরিচালনাতেও নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি।

তবে সময়ের সঙ্গে অভিনয়ের ব্যস্ততা কমিয়ে আনেন হাসান মাসুদ। গত কয়েক বছর ধরে নাটক কিংবা সিনেমায় তাকে আগের মতো নিয়মিত দেখা যায় না। বেছে বেছে বিজ্ঞাপনে কাজ করলেও অভিনয়কে আর পেশাগত জীবনের কেন্দ্রবিন্দুতে রাখেননি তিনি।

এবার ক্যামেরার সামনে চরিত্র হয়ে ওঠার বদলে তার নতুন দায়িত্ব শিক্ষার্থী, ব্র্যান্ড ও যোগাযোগকে ঘিরে। পেশাজীবনে একাধিকবার পথ বদলালেও সেনাবাহিনী, সাংবাদিকতা ও অভিনয়—প্রতিটি ক্ষেত্র থেকে অর্জিত অভিজ্ঞতাই নতুন দায়িত্বে কাজে লাগবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নতুন এই অধ্যায়ের মধ্য দিয়ে হাসান মাসুদের কর্মজীবনে যুক্ত হলো আরও একটি পরিচয়—অভিনেতার পাশাপাশি এখন তিনি করপোরেট পেশাজীবীও।

এই সংবাদটি পঠিত হয়েছে: 10 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 155 টি

মন্তব্য করুন