সরকারি তিতুমীর কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট (এসআরএম) হিসেবে দায়িত্ব পেয়েছেন শেরপুরের মেয়ে সাদিয়া জাহান মীম। আগামী এক বছরের জন্য তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
সাদিয়া জাহান মীম শেরপুর সদর উপজেলার পশ্চিম শেরী গ্রামের বাসিন্দা। তিনি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মো. শাহজাহানের মেয়ে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে মীমসহ পাঁচজন রোভার স্কাউটকে সিনিয়র রোভার মেটের দায়িত্ব অর্পণ করা হয়। সরকারি তিতুমীর কলেজ রোভার স্কাউট গ্রুপের পাঁচটি ইউনিটের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে তাঁদের এ দায়িত্ব দেওয়া হয়েছে। মীম কলেজের ৭৯ নম্বর স.তি.ক. গার্ল-ইন-রোভার স্কাউট (ক) ইউনিটের সদস্য।
দায়িত্ব অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজ রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক ড. নীলুফার ইয়াসমীন এবং রোভার স্কাউট লিডার মোহাম্মদ শফিকুল আলম সিদ্দিকী।
দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত সিনিয়র রোভার মেটরা কলেজের অধ্যক্ষ ও রোভার স্কাউট গ্রুপের সভাপতি অধ্যাপক ড. ছদরুদ্দীন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় অধ্যক্ষ তাঁদের অভিনন্দন জানান এবং রোভার স্কাউটের সাংগঠনিক কার্যক্রম, নেতৃত্বের বিকাশ ও গ্রুপের সার্বিক উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা দেন।
মীম ২০১৯ সালে শেরপুরের নবারুণ পাবলিক স্কুল থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি এবং ২০২১ সালে শেরপুর সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস করেন। ২০১৯ সালে বাংলাদেশ রেড ক্রিসেন্টের মাধ্যমে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে যুক্ত হন তিনি। পরে ২০২৩ সালে যোগ দেন রোভার স্কাউটে।
সিনিয়র রোভার মেটের দায়িত্ব পাওয়ার অনুভূতি জানিয়ে সাদিয়া জাহান মীম বলেন, ‘৫ নভেম্বর আমার রোভার স্কাউট জীবনের একটি স্মরণীয় দিন। দীর্ঘদিনের প্রচেষ্টা, ভালোবাসা ও পরিশ্রমের স্বীকৃতি হিসেবে সিনিয়র রোভার মেটের দায়িত্ব পেয়েছি। এটি আমার জন্য আনন্দ, গর্ব ও আবেগের মুহূর্ত।’
তিনি আরও বলেন, ‘এই অর্জনের পেছনে আমার মায়ের অনুপ্রেরণা সবচেয়ে বেশি। তাঁর উৎসাহ, সাহস ও সমর্থন আমাকে সবসময় এগিয়ে যেতে সাহায্য করেছে। পরিবারের কাছ থেকেও সবসময় সহযোগিতা পেয়েছি। পদ বা পরিচয়ের জন্য নয়, মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা নিয়ে কাজ করতে চাই। দেশের কল্যাণে ও মানুষের সেবায় নিজের সামর্থ্য অনুযায়ী অবদান রাখতে চাই।’ নতুন দায়িত্ব নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে পালনে সবার দোয়া ও সহযোগিতাও কামনা করেন তিনি।
মন্তব্য করুন