Advertisement
রবিবার, 11 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

নির্মাণে ধুলিদূষণ কমাতে রিহ্যাবকে যে আহ্বান জানালেন পরিবেশমন্ত্রী

নির্মাণে ধুলিদূষণ কমাতে রিহ্যাবকে যে আহ্বান জানালেন পরিবেশমন্ত্রী
News Banner

পরিবেশবান্ধব নির্মাণে সক্রিয় ভূমিকা রাখতে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) প্রতি আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। একই সঙ্গে নির্মাণকাজের ধুলিদূষণ নিয়ন্ত্রণ এবং ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

রোববার (১১ অক্টোবর) মন্ত্রণালয়ের সভাকক্ষে রিহ্যাবের প্রতিনিধিদের সঙ্গে এক পর্যালোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন। আসন্ন শুষ্ক মৌসুমে ঢাকা মহানগরসহ সারা দেশে বায়ুদূষণ নিয়ন্ত্রণ, নির্মাণকাজে সৃষ্ট ধুলা কমানো এবং পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে সভায় আলোচনা হয়।

মন্ত্রী বলেন, শুষ্ক মৌসুমে বায়ুদূষণ নিয়ন্ত্রণে নির্মাণস্থলে ধুলা প্রতিরোধের কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে হবে। নির্মাণ ও মেরামতকাজে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে পরিবেশগত বিধিবিধান মেনে চলতে হবে। পাশাপাশি নির্মাণকাজে ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার ধাপে ধাপে বাড়াতে হবে।

নির্মাণকাজে ধুলিদূষণ নিয়ন্ত্রণে কয়েকটি নির্দেশনার ওপর গুরুত্ব দেন মন্ত্রী। এর মধ্যে রয়েছে নির্মাণস্থল যথাযথভাবে আবৃত রাখা, মাটি-বালিসহ নির্মাণসামগ্রী ঢেকে সংরক্ষণ এবং পরিবহনের সময় যানবাহন আচ্ছাদিত রাখা। নির্মাণসামগ্রী ও বর্জ্য পরিবহনকারী যানবাহনের চাকা পরিষ্কার করে সড়কে চলাচল নিশ্চিত করার কথাও বলেন তিনি।

এ ছাড়া সড়ক ও ফুটপাতে নির্মাণসামগ্রী রেখে জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি এবং ধুলিদূষণ ঘটানো থেকে বিরত থাকার আহ্বান জানান মন্ত্রী। নির্মাণস্থল ও আশপাশে প্রতিদিন অন্তত দুইবার পানি ছিটাতে হবে। ধুলার পরিমাণ বেশি হলে আরও ঘন ঘন পানি ছিটানোর ব্যবস্থা করতে হবে।

নির্মাণবর্জ্য উন্মুক্ত স্থানে ফেলে রাখা কিংবা পোড়ানোর পরিবর্তে দ্রুত পরিবেশসম্মত উপায়ে অপসারণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, ধুলিদূষণ নিয়ন্ত্রণের ব্যবস্থা প্রতিটি নির্মাণ প্রকল্পের দৈনন্দিন কার্যক্রমের অংশ করতে হবে। নির্মাণসামগ্রী ঢেকে রাখা, নিয়মিত পানি ছিটানো ও বর্জ্য অপসারণের কাজ তদারকিতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নির্ধারণ করা প্রয়োজন।

প্রতিমন্ত্রী রিহ্যাবের সদস্য প্রতিষ্ঠানগুলোকে পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার বাড়াতে প্রকল্পভিত্তিক পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এসব পরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন তিনি।

রিহ্যাবের প্রতিনিধিদলের পক্ষে সংগঠনটির সভাপতি ড. আলী আফজাল ও সিনিয়র সহসভাপতি মো. আব্দুর রাজ্জাক সভায় নিজেদের মতামত তুলে ধরেন। তাঁরা পরিবেশবান্ধব ব্লকের গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি ইটের বিকল্প হিসেবে ব্লক ব্যবহারে নির্মাণব্যয় যেন না বাড়ে, সে বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

সভায় নতুন আবাসিক ও বাণিজ্যিক প্রকল্পে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং সময়ভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়নের বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া ব্লকের ব্যবহার বাড়াতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষসহ (রাজউক) সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়, বিল্ডিং কোড ও ভবন নির্মাণের অনুমোদনপ্রক্রিয়ায় ব্লক ব্যবহারের বিষয় অন্তর্ভুক্ত করা এবং ব্লকের ওপর ভ্যাট-কর ও কাঁচামাল আমদানির শুল্ক যৌক্তিকীকরণের প্রস্তাব উঠে আসে।

নির্মাণ প্রকল্পে পরিবেশগত বিধিবিধান প্রতিপালন জোরদার, প্রকল্পভিত্তিক অগ্রগতির তথ্য সংগ্রহ এবং নিয়মিত পরিবীক্ষণের ওপরও গুরুত্ব দেওয়া হয় সভায়।

সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও আইন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো. সাইদুর রহমানসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং রিহ্যাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 12 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 391 টি

মন্তব্য করুন