Advertisement
রবিবার, 11 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

১৯ অক্টোবর খুলছে ওসমানী উদ্যান

১৯ অক্টোবর খুলছে ওসমানী উদ্যান
News Banner

দীর্ঘ ১০ বছর বন্ধ থাকার পর আগামী ১৯ অক্টোবর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে রাজধানীর ঐতিহাসিক ওসমানী উদ্যান। প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে আধুনিকায়ন করা উদ্যানটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিন উদ্বোধন করা হবে সেখানে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’।

রোববার (১১ অক্টোবর) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় এ তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম। সভায় সভাপতিত্ব করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘ প্রায় ১০ বছর বন্ধ থাকার পর নগরবাসী আধুনিক ও দৃষ্টিনন্দন এই উদ্যান ব্যবহারের সুযোগ পাবেন। উদ্বোধন ও সুধী সমাবেশ শেষে একই দিন উদ্যানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

জুলাই শহীদ ও জুলাইয়ের বীর যোদ্ধাদের স্মরণে উদ্যানে নির্মাণ করা হয়েছে বিশেষ ‘জুলাই স্মৃতিস্তম্ভ’। এর মাধ্যমে দর্শনার্থীরা জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার আন্দোলন এবং শহীদদের আত্মত্যাগের স্মৃতি স্মরণ করতে পারবেন।

আধুনিকায়নের ফলে উদ্যানটিতে যুক্ত হয়েছে হাঁটার পথ, রেস্তোরাঁ, আধুনিক লাইব্রেরি ও শিশুদের খেলাধুলার নির্ধারিত স্থান। এ ছাড়া রয়েছে কৃত্রিম পানির ফোয়ারা ও মনোরম জলধারা। এসব সুবিধা নগরবাসীর অবসর কাটানো এবং পরিবার-পরিজন নিয়ে সময় কাটানোর সুযোগ তৈরি করবে।

সচিবালয়সংলগ্ন গুরুত্বপূর্ণ এই উদ্যানের সৌন্দর্য বৃদ্ধি ও পরিবেশ মনোরম রাখতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কাজ করে যাচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী।

প্রস্তুতি সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ আবদুস সালাম, স্থানীয় সরকার বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 12 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 391 টি

মন্তব্য করুন