Advertisement
রবিবার, 11 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

শাহজালালে ২ কোটি ৭০ লাখ টাকার ডায়মন্ড-স্বর্ণালংকার জব্দ

শাহজালালে ২ কোটি ৭০ লাখ টাকার ডায়মন্ড-স্বর্ণালংকার জব্দ
News Banner

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কোটি ৭০ লাখ টাকা আনুমানিক মূল্যের ডায়মন্ড, স্বর্ণ, প্লাটিনাম, রুবি ও বিভিন্ন ধরনের অলংকার জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস। কলকাতা থেকে আসা এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে এসব অলংকার ও মূল্যবান পাথর উদ্ধার করা হয়।

রোববার (১১ অক্টোবর) ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিমের এক অভিযানে এসব অলংকার জব্দ করা হয়।

কাস্টমস সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৮টার দিকে কলকাতা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৯৬ ফ্লাইটে স্বর্ণ চোরাচালানের আশঙ্কায় বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারি শুরু করেন ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম ও বিমানবন্দরে দায়িত্ব পালনকারী সি-শিফটের কর্মকর্তারা।

এ সময় এমডি জনি রহমান নামের এক যাত্রী ইমিগ্রেশন শেষে ব্যাগেজ ঘোষণা না দিয়ে গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাঁর ব্যাগ স্ক্যানিং করা হয়। স্ক্যানিংয়ে আচারের বয়ামের মধ্যে ধাতব পদার্থের উপস্থিতি শনাক্ত হয়। পরে ব্যাগেজ তল্লাশি করে বিপুল পরিমাণ অলংকার ও মূল্যবান পাথর পাওয়া যায়।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ডায়মন্ড পাথর সংযুক্ত ৩৮৯টি স্বর্ণের আংটি, ১৫১টি প্লাটিনামের আংটি, তিনটি সাদা স্বর্ণের অলংকার, দুটি রুপার আংটি, পাঁচটি স্বর্ণের লকেট, একটি স্বর্ণের চেইন ও ৪৭২টি স্বর্ণের নাকফুল। এ ছাড়া ৪৫ ক্যারেটের বিভিন্ন আকারের ডায়মন্ড পাথর, পোখরোজ, রুবি ও অন্যান্য পাথর ৭২০টি এবং ২৩টি জুয়েলারি সার্টিফিকেট কার্ড জব্দ করা হয়েছে।

কাস্টমসের তথ্য অনুযায়ী, জব্দ করা পণ্যের মোট ওজন ১ হাজার ৫৪ গ্রাম। অলংকারের প্রত্যয়ন অনুযায়ী, এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৭০ লাখ টাকা।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় ওই যাত্রীর বিরুদ্ধে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিমের পক্ষ থেকে ফৌজদারি মামলা করা হয়েছে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 13 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 391 টি

মন্তব্য করুন